রাজশাহী, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়োন্টফোর ডটকম)- দুর্নীতির জন্য রাজনীতিবিদদের দায়ী করে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, দেশে নির্বাচনী ব্যয়ের হিসাব রাখার ক্ষেত্রেও সুুনির্দিষ্ট আইন নেই।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বুধবার রাজশাহীতে এক আলোচনা সভায় তিনি বলেন, "আমাদের দেশে নির্বাচনে ব্যয়িত অর্থ কোথা থেকে আসে তার হিসাব রাখা হয় না এবং এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো আইন নেই।"
দুর্নীতি দূর করতে সামাজিক ও গণআন্দোলন গড়ে তুলতে জনগণকে, বিশেষ করে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গোলাম রহমান।
তিনি বলেন, "নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সংসদ সদস্যগণ ও রাজনৈতিক কর্মকাণ্ড দুর্নীতিমুক্ত না হলে রাষ্ট্র এবং সমাজ থেকে দুর্নীতি কমানো সম্ভব হবে না। রাজনৈতিক দুর্নীতির কারণে দীর্ঘ দিনেও দেশের উন্নতি এবং গণতান্ত্রিক বিকাশ ঘটেনি।
ইউএসএআইডির সহযেগিতায় নগরীর অ্যারিস্টোক্র্যাট রেস্তোরাঁয় ওই সভা আয়োজন করা হয়।
অতিথির বক্তব্যে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন, সরকার, অর্থনীতি ও সমাজে দুর্নীতি যে ক্ষতির কারণ, সে সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য আজ বিশ্বব্যাপী সরকার, নাগরিক ও গণমাধ্যমসমূহ একযোগে এগিয়ে আসছে।
অনেক দেশের মত বাংলাদেশেও স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে প্রবৃদ্ধি ও উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি আর কোনো গোপন বিষয় নয় বলে তিনি মন্তব্য করেন।
দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হতে বাংলাদেশকে অনেক দূর যেতে হবে মন্তব্য করে মরিয়ার্টি বলেন, এ লড়াইয়ে সরকার, সুশীল সমাজ, ব্যবসায়ী, গণমাধ্যম এবং জনগণ তথা সমাজের সব পর্যায়ের অঙ্গীকার ও সমর্থন অপরিহার্য।
সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান ভূঞাঁ, ইউএসএআইডি বাংলাদেশের মিশন পরিচালক ডেনিস রলিন্স, প্রগতি প্রকল্পের চিফ অব পার্টি ড. ডেভিড পটেবম উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বিকাল ৩টায় নগরীর জিরো পয়েন্টে মানববন্ধন এবং টিআইবি ও সনাকের আয়োজনে বিকেল সাড়ে ৪টায় শোভাযাত্রা এবং ভূবন মোহন পার্কে আলোচনা সভার আয়োজন করা হয়।
বিডিনিউজ টোয়োন্টফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৮২০ ঘ.
bdnews24