ঢাকা, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৮ ডিসেম্বরের জাতীয় কাউন্সিলের পর দলকে নতুনভাবে সাজানোর প্রত্যাশা জানালেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাতে খালেদা তার গুলশানের কার্যালয়ে দলের প্রচার উপকমিটির উদ্যোগে প্রকাশিত বিভিন্ন বইয়ের মোড়ক উন্মোচনের সময় এই প্রত্যাশার কথা বলেন।
খালেদা জিয়া বলেন,'' ৮ ডিসেম্বর জাতীয় কাউন্সিলের মাধ্যমে বিএনপিকে নতুনরূপে ও নতুনভাবে সাজানো হবে। গুণীজনদের দিয়ে নতুনদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। আগামী দিনে বিএনপিকে দেশে-বিদেশে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলা হবে।"
কাউন্সিলের পর এক 'নতুন বিএনপি' দেখা যাবে বলেও আশা প্রকাশ করেন সদ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো চেয়ারপার্সন নির্বাচিত খালেদা জিয়া।
আগামী ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপির কাউন্সিল হবে।
কাউন্সিলকে সামনে রেখে দলের প্রকাশনা উপকমিটির প্রকাশিত এসব বইয়ের মধ্যে আছে জাতীয় কাউন্সিল স্মারক গ্রন্থ, 'বাংলাদেশী জাতীয়তাবাদ', 'সার্বভৌমত্ব ও সমকালীন প্রসঙ্গ', 'মুক্তিযুদ্ধে জেড ফোর্স', 'জাতীয় বিপ্লব ও সংহতির ৭ নভেম্বর', 'দেশবাসীর প্রতি দেশনেত্রী' ইত্যাদি।
এর আগে অনুষ্ঠানে প্রকাশনা উপকমিটির আহবায়ক আবদুল্লাহ আল নোমান ও বিএনপিপন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বক্তব্য দেন।
খালেদা জিয়া বইগুলো সবাইকে পড়ার তাগিদ দিয়ে বলেন, "এ থেকে আমাদের অনুসরণ ও শিক্ষা নিয়ে সামনের দিকে এগুতে হবে।''
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ 'জাতীয়তাবাদী শক্তির' বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এ অভিযোগ করে খালেদা জিয়া বলেন,''এজন্য তারা জিয়াউর রহমানের আদর্শকে মুছে ফেলতে ফেলতে চায়। কিন্তু দেশের মানুষ জানে জিয়া কে।''
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি আরো বলেন,'' আওয়ামী লীগ কি নতুন প্রজন্ম আজ বুঝতে পেরেছে। অতীতে তারা কি করেছে, তা তারা জানে না। এজন্য ওই বইগুলোর ইতিহাস থেকে নতুন প্রজন্ম সত্যিকারের ইতিহাস জানতে পারবে।''
অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, মাহবুবুর রহমান, ড মইন খান, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১৩৮ঘ.
bdnews24