পিরোজপুর, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুর জেলা বিএনপি'র সম্মেলন স্থগিত করা হয়েছে বলে স্থানীয় নেতারা জানিয়েছেন।
সোমবার এই সম্মেলন হওয়ার কথা ছিল।
জেলা বিএনপি'র আহ্বায়ক গাজী নুরুজ্জমানান বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে সম্মেলন স্থগিত করা হয়েছে।
কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত (২৮ নভেম্বর) এ এক ফ্যাক্স বার্তায় বিষয়টি পিরোজপুর জেলা কমিটিকে জানানো হয়েছে। ফ্যাক্স বার্তাটি রোববার তারা পেয়েছেন বলে গাজী নুরুজ্জামান জানান।
তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে ফ্যাক্স বার্তায় উল্লেখ করা হয়েছে।
সম্মেলন ঘিরে বিএনপির দু'গ্র"প ব্যাপক প্রচারণা চালিয়ে আসছিল।
আহবায়ক গাজী নুরুজ্জামান বাবুল গ্র"পের সমর্থকরা সম্মেলন নিয়ে শহরে ও উপজেলায় পোস্টারিং করেছে।
প্রতিপক্ষ জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক ও বিদ্রোহী নেতা হিসেবে পরিচিত আলমগীর হোসেন গ্র"পের সমর্থকরা শহরে মাইকিং করে প্রচারণা চালাচ্ছিল।
এদিকে, কাউখালী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশন রোববার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম আহসান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা বিএনপির একাংশের নেতা ও আহবায়ক আকবর আলী খান রোববার উপজেলা সদরে কাউন্সিল অধিবেশন না করে প্রায় চার কিলোমিটার দূরে প্রত্যন্ত কাঠালিয়া গ্রামের একটি বিদ্যালয়ে গোপনে সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন।
খবর পেয়ে তিনি তার গ্র"পের সমর্থক ও ছাত্রদল-যুবদলের নেতাদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে উপজেলা আহবায়ককে গোপন সম্মেলন বন্ধ করার দাবি জানান।
তবে উপজেলা আহবায়ক আকবর আলী খান বলেন, সম্মেলনে জেলা কমিটির কোনো নেতা উপস্থিত না থাকায় তা স্থগিতের করা হয়েছে।
কাউখালী থানার ওসি আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এতে দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৯৫২ ঘ.
bdnews24