ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের তৃতীয় মৃত্যু বার্ষিকী শনিবার পালিত হয়েছে।
এ উপলক্ষে মহানগর আওয়ামী লীগ, হানিফ মোমোরিয়াল ফাউন্ডেশন, হৃদয়ে ঢাকাসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।
শনিবার সকালে মহানগর আওয়ামী লীগের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম হানিফের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ আলাদা আলাদা বাণীতে হানিফের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
হানিফের ভাতুষ্পুত্র মোহম্মদ সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মৃত্যু বার্ষিকী উপলক্ষে আগামী ৭ ডিসেম্বর সিদ্দিক বাজার হানিফ কমিউনিটি সেন্টারে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মোহাম্মদ হানিফ ১৯৪৪ সালের ১ এপ্রিল ঢাকায় জন্ম গ্রহণ করেন। ছাত্রাবস্থায় তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৬৫ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পান। ১৯৭৩ সালের নির্বাচনের পর বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া ঢাকা-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৬ সালে তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। মৃত্যুর দিন পর্যন্ত হানিফ এ পদে বহাল ছিলেন।
২০০৬ সালের ২৮ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ হানিফ মৃত্যু বরণ করেন।
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় তিনিও আহত হয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/১৬৩০ ঘ.
bdnews24