২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষ, উত্তেজনা ও সমঝোতায় বিএনপির কাউন্সিল

প্রধান বিরোধী দল বিএনপির জেলা কাউন্সিল নিয়ে বুধবার নারায়ণগঞ্জ ও খাগড়াছড়িতে সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 06:12 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপির জেলা কাউন্সিল নিয়ে বুধবার নারায়ণগঞ্জ ও খাগড়াছড়িতে সংঘর্ষ হয়েছে। তবে প্রতিপক্ষ গ্র"প আলাদা আলাদা সম্মেলন করে কমিটি ঘোষণা করলেও সিলেট, সুনামগঞ্জ, নরসিংদী ও মাগুরায় সম্মেলন নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে ৮ ডিসেম্বরের জাতীয় কাউন্সিলের আগে জেলা সম্মেলন শেষ করার সময়সীমা বাড়িয়েছে বিএনপি। ৩০ নভেম্বরের মধ্যে তা করা যাবে। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী বুধবার ছিল সম্মেলন অনুষ্ঠানের শেষ দিন। নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান বিএনপির দুই গ্র"পের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের মধ্য দিয়ে শহরের আলী আহমেদ পৌর পাঠাগার মিলনায়তনে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে সম্মেলনের কাজ শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক আইনমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। বিদ্রোহী গ্র"পকে 'মহাজোটের এজেন্ট' উল্লেখ করে তিনি বলেন, "বর্তমান সরকার শান্তিতে বিশ্বাস করে না। এ কারণেই তারা এজেন্ট তৈরি করে বিএনপির সম্মেলনকে বানচালের চেষ্টা করছে।" সকাল সাড়ে ১০ টায় সম্মেলন শুরু হয়। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সম্মেলনস্থলে মোতায়েন করা হয়। সম্মেলন শুরুর ঘণ্টা দেড়েক আগে থেকেই কয়েক হাজার নেতাকর্মী সম্মেলনস্থল পৌর পাঠাগারের সামনে অবস্থান নেয়। তাদের অনেকের হাতে ছিল বাঁশের লাঠি। বুধবারের জেলা সম্মেলনের বিরোধিতা করে আসছিল নুরুল ইসলাম সরদারের নেতৃত্বাধীন পৌর বিএনপির পাল্টা কমিটি। এ কমিটির লোকজন সকাল ১১টার দিকে সম্মেলনস্থলে যাওয়ার পথে উকিলপাড়ায় তৈমুরের অনুসারীদের সঙ্গে তাদের সংঘাত বাধে। এ সময় দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় । সংঘর্ষে 'পাল্টা' পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল আল ইউসুফ খান টিপু, মহিলা দলনেত্রী আয়েশা খানম দিনা, রহিমা আক্তার মায়া, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক সেলিম, বন্দর থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রানা আহম্মেদসহ ২০ জন আহত হয়। এ সময় উকিলপাড়া এলাকায় দুটি ইলেকট্রনিক্সের দোকান ভাঙচুর হয়। এক পর্যায়ে পাল্টা পৌর কমিটির নেতাকর্মীরা চাষাড়া বালুর মাঠ এলাকায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এ সময় চাষাড়া, গলাচিপা ও উকিলপাড়া এলাকায় সম্মেলন উপলক্ষে তৈরি তিনটি তোরণ ভাঙচুর করা হয়। সমাবেশে সাখাওয়াত হোসেন বলেন, "বিএনপির গঠনতন্ত্র লঙ্ঘন করে বিভিন্ন থানা ও পৌর কমিটি গঠন করায় আমরা এর শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর জন্য সম্মেলনস্থলের সামনে সমাবেশ করতে যাচ্ছিলাম।..পথে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর হামলা চালিয়েছে।" সম্মেলনে তৈমুর বলেন, "যারা সম্মেলন প্রতিহত করার ঘোষণা দিয়েছিল তারা নিজেরাই প্রতিহত হয়েছে। সকল ষড়যন্ত্রকে ছিন্ন করে সম্মেলন অনুষ্ঠান প্রমাণ করেছে আমরা ঐক্যবদ্ধ।" সম্মেলনের শুরুতেই জেলা বিএনপির সভাপতি হিসেবে তৈমুর আলম খন্দকার ও সাধারণ সম্পাদক হিসেবে কাজী মনিরুজ্জামানের নাম ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। খাগড়াছড়ি প্রতিনিধি জানান, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের মধ্য দিয়ে বুধবার বিকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সম্মেলন হয়েছে। সংঘর্ষে আটজন আহত হয়েছেন। পৌর শহরে ১৪৪ ধারা জারি থাকায় শহরের বাইরে আলুটিলা পর্যটন কেন্দ্র মাঠে সম্মেলন হয়। সংঘর্ষে আহত যুবদল কর্মী মো. সিরাজ (৩৯), দীঘিনালা উপজেলা বিএপি সহ সভাপতি আব্দুর মালেক ফরাজি (৪৫), হাতিমোরা ইউনিয়ন ছাত্রদল নেতা হাফিজুল ইসলাম (২২), জেলা ছাত্রদলের সদস্য বাবুল (২২), যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন মাহমুদ (২৩) ও খাগড়াছড়ি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজানকে (২৫) খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার দেওয়া হয়েছে। খাগড়াছড়ি সদর থানার ওসি মো. শাহরিয়ার জানান, বিকাল ৫টার দিকে কাউন্সিল শেষ হওয়ার কিছুক্ষণ আগে প্রতিপক্ষ গ্র"প লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। অন্যপক্ষও পাল্টা হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষ চলাকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এক ঘণ্টার মতো যানবাহন চলাচল বন্ধ থাকে বলেও পুলিশ কর্মকর্তা জানান। ওসি বলেন, এর আগে সংঘর্ষ এড়াতে জেলা প্রশাসন বুধবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা শহরে ১৪৪ ধারা জারি করে। সাবেক বিএনপি সাংসদ আব্দুল ওয়াদুদ ভূইয়া বলেন, "সম্মেলনে প্রতিপক্ষ হামলা করলেও আমাদের দৃঢ়তায় তারা পিছু হটে।" সম্মেলনে আব্দুল ওয়াদুদ ভূইয়াকে সভাপতি, আবু ইউসুফ চৌধুরীকে সম্পাদক এবং মোস্তাফিজুর রহমান মিল্লাতকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি করা হয়। খুলনা প্রতিনিধি জানান, সকাল থেকেই সম্মেলন উপলক্ষে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সার্কিট হাউজ মাঠে জড়ো হতে থাকে। সকাল ১০টায় শুরুর কথা থাকলেও সম্মেলন শুরু হয় দুপুর সাড়ে ১২টার দিকে। বেলা তিনটা পর্যন্ত এ চলা অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয়। এরপর বিকাল সোয়া ৫টার দিকে জেলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে কাউন্সিল অধিবেশন বসে। সম্মেলনের উদ্বোধন করেন সাবেক সাংসদ এম নুরুল ইসলাম দাদু ভাই। সেখানে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম বলেন, "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায়ে আমি ও আমার দল খুশি।" এ সময় তিনি দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানানোর পাশাপাশি এ সরকারকে ১৯৭৫ সালের আগে 'রক্ষীবাহিনীর হাতে নিহত' ৩২ হাজার বামপন্থী হত্যার বিচার করতে বলেন। সম্মেলনে বিএনপি যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, যুবদল সভাপতি বরকত উল্ল্যা বুলু, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মঞ্জু, সাবেক সাংসদ কাজী সেকেন্দার আলী ডালিম, সাহারুজ্জামান মোর্ত্তজা, শফিকুল আলম মনা, শরীফ শাহ কামাল তাজ প্রমুখ বক্তব্য দেন। কাউন্সিল অধিবেশনে 'সমঝোতার ভিত্তিতে' কমিটি ঘোষণা করা হয়। রাত সাড়ে ৮টার দিকে ঘোষিত ওই কমিটিতে নজরুল ইসলাম মঞ্জু সভাপতি, মো. মনিরুজ্জামান মনি সাধারণ সম্পাদক এবং ফখরুল আলম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পূর্ণাঙ্গ কমিটি পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়। সিলেট প্রতিনিধি জানান, বিএনপির জেলা সম্মেলন নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও পাল্টা কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক ইলিয়াস আলীর নেতৃত্বে শহরতলীর দক্ষিণ সুরমার চণ্ডীপুলে শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে সকাল সাড়ে ১০টায় সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়। প্রয়াত সাইফুর রহমান সমর্থক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাহেরের সমর্থকরা দুপুর ২টার দিকে নগরীর শাহী ঈদগাহস্থ মিতা কমিউনিটি সেন্টারে সম্মেলন করে কমিটি ঘোষণা দেয়। ইলিয়াস সমর্থকদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর বলেন, "বিএনপির বিভাজন মিডিয়ার সৃষ্টি। সিলেট বিএনপির যে বিভাজনের কথা মিডিয়ায় উঠে এসেছে বাস্তবে তা নেই।" চলমান বিডিআর বিদ্রোহের বিচার প্রসঙ্গে তিনি বলেন, "সাবেক সেনাপ্রধান মইন উ আহমদকে গ্রেপ্তার করলে বিডিআর বিদ্রোহের অনেক তথ্য পাওয়া যাবে।" বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আবুল খায়ের ভূইয়া এমপি। ইলিয়াস আলীর সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, শফি আহমদ চৌধুরী, আব্দুল গফফার প্রমুখ। সম্মেলনে ইলিয়াস আলীকে সভাপতি, দিলদার হোসেন সেলিমকে যুগ্ম আহবায়ক ও অ্যাডভোকেট নূরুল হককে সহ-সভাপতি, অ্যাডভোকেট আব্দুল গফফারকে সাধারণ সম্পাদক ও আলী আহমদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়। জেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পরে গঠন করা হবে বলে জানান ইলিয়াস আলী। সাইফুরপন্থীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কাহের শামীমকে সভাপতি, যুুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানকে সাধারণ সম্পাদক ও ফারুক আহমদকে সাংগঠনিক সম্পাদক করে পাল্টা কমিটি ঘোষণা দিয়েছে। সাইফুরপন্থীদের সম্মেলনে সভাপতিত্ব করেন আবুল কাহের শামীম। এ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আমান উল্লাহ আমানের উপস্থিত থাকার কথা থাকলেও তারা যোগ দেননি। সুনামগঞ্জ প্রতিনিধি জানান, জেলা বিএনপির দু'গ্র"প বুধবার পৃথক সম্মেলন করে কমিটি ঘোষণা করেছে। পৃথক সম্মেলন নিয়ে সংঘর্ষের আশঙ্কা করা হলেও শান্তিপূর্ণভাবে তা সম্পন্ন হয়েছে। দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক আসপিয়া গ্র"প শহরের শহীদ আবুল হোসেন মিলনায়নে ও জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরীর গ্র"প জেলা স্টেডিয়ামে সম্মেলন করে। আবুল হোসেন মিলনায়তনে সম্মেলনে সভাপতিত্ব করেন সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া। এতে জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. রফিক চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, আবুল মনসুর শওকত, সুনামগঞ্জ পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির জাহানূর বক্তব্য রাখেন। পরে তাদের পক্ষ থেকে জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এতে ফজলুল হক আসপিয়া সভাপতি, ডা. রফিক চৌধুরী সাধারণ সম্পাদক এবং আবুল মনসুর শওকতকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। জেলা স্টেডিয়ামের সম্মেলনে সভাপতিত্ব করেন সাবেক সাংসদ নাসির উদ্দিন চৌধুরী। এতে সাবেক সাংসদ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন, আরেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ ও সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান জয়নুল জাকেরীন বক্তব্য দেন। পরে নাসির গ্র"প তাদের পক্ষ থেকে জেলা কমিটি ঘোষণা করে। এতে নাসির উদ্দিন চৌধুরী সভাপতি, জয়নুল জাকেরীন সাধারণ সম্পাদক ও কলিম উদ্দিন আহমদ মিলনকে সহ-সভাপতি করা হয়। কাউন্সিল ও কমিটি ঘোষণা শেষে উভয় গ্র"পের নেতাকর্মীরা নতুন দুই কমিটির নেতাদের নিয়ে মিছিল বের করে। মাগুরা প্রতিনিধি জানান, জেলা বিএনপির নেতারা বুধবার পাল্টাপাল্টি সম্মেলন করে কমিটি ঘোষণা দিয়েছে। জেলা আহবায়ক কবীর মুরাদ সমর্থিত গ্র"প শহরতলীর পারনান্দুয়ালী বোর্ড অফিস মাঠ প্রাঙ্গণে এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোকাদ্দেস হোসেন গ্র"প শহরের এমআর রোডস্থ দলীয় কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করে। কবীর মুরাদ সমর্থিত গ্র"পের সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নেয়াজ হালিমা আরলী ও মনোয়ার হোসেন খান। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সেলিমা রহমান। মোকাদ্দেস হোসেনের সভাপতিত্বে অন্য গ্র"পের সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির প্রবীণ নেতা আমিনুল ইসলাম চান্দু মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন জেলা যুগ্ম আহবায়ক ইকবাল আক্তার খান কাফুর। সম্মেলন নিয়ে দুগ্র"পের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও উৎকণ্ঠা থাকলেও সম্মেলন চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সম্মেলন উপলক্ষে স্থানীয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। সম্মেলন শেষে আহবায়ক গ্র"পের ঘোষিত কমিটিতে কবীর মুরাদকে সভাপতি ও আলী আহমেদ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করা হয়। বিদ্রোহী গ্র"প থেকে মোকাদ্দেস হোসেনকে সভাপতি ও নাজিমউদ্দিনকে সহ-সভাপতি, অন্য যুগ্ম আহবায়ক ইকবাল আক্তার খান কাফুরকে সাধারণ সম্পাদক, আখতার হোসেনকে সাংগঠনিক সম্পাদক ও সাবেক সভাপতি এবং মাগুরা দুই আসনের সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামালকে ১নং সদস্য করে জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। গত কয়েকদিন ধরে উভয় গ্র"প জেলার চারটি উপজেলা ও একটি পৌর সভায় পৃথক সম্মেলন করে পৃথক পৃথক কমিটি গঠন করেছে। জেলার সব উপজেলা ও পৌরসভায় এখন দুটি করে কমিটি রয়েছে। এসব কমিটির সদস্য ও কাউন্সিলরদের নিয়েই স্ব স্ব গ্র"প বুধবার সম্মেলন করে। নরসিংদী প্রতিনিধি জানান, বুধবার জেলা বিএনপির পাল্টাপাল্টি কমিটি ঘোষণা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সাংসদ খায়রুল কবির খোকনের বাসার সামনে কঠোর নিরাপত্তা ও বিদ্রোহী গ্র"পের বিক্ষোভের মধ্যে এ দ্বি-বার্ষিক সম্মেলন হয়। এতে খায়রুল কবির খোকনকে সভাপতি ও তোফাজ্জল হোসেন মাস্টারকে সাধারণ সম্পাদক ও দ্বীন মোহাম্মদ দীপুকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ ফজলুল হক মিলন। এতে ছাত্রনেতা নাজিমউদ্দিন আলম, ফেরদৌস আহেমদ খোকন, সালাউদ্দিন টুকু প্রমুখও বক্তব্য দেন। অন্যদিকে জেলা বিএনপির সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন ইরানকে সভাপতি, যুবদল কেন্দ্রীয় সহ-সভাপতি মিয়া মোহাম্মদ সেলিমকে সাধারণ সম্পাদক ও নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি তারেক আহমেদ তারেককে সাংগঠনিক সম্পাদক করে নরসিংদী জেলা বিএনপির পাল্টা কমিটি ঘোষণা করা হয়। নরসিংদী জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের স্থান নিয়ে খায়রুল কবির খোকন গ্র"প এবং মেজবাহ উদ্দিন ইরান গ্র"পের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। দু'গ্র"পই বুধবার শহরের চিনিশপুরে একশ' গজের মধ্যে সম্মেলন করার জন্য মঞ্চ তৈরি করে। মঙ্গলবার গভীর রাতে কে বা কারা ইরান গ্র"পের মঞ্চটি ভাঙচুর করে। প্রতিবাদে ইরান গ্র"প শত শত নেতাকর্মী বুধবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল শেষে তাদের মঞ্চের দিকে যাওয়ার চেষ্টা চালায়। পথে জেলখানা মোড়ে পুলিশ তাদের বাধা দিলে রাস্তায় ওপরই তারা সমাবেশ করে এবং কমিটি ঘোষণা দেয়। সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে এম এ হারেছ মদন উপজেলা বিএনপির সভাপতি ও আবু তাহের আজাদ সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কাউন্সিলরদের ভোটে এন আলম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নেত্রকোনা প্রতিনিধি জানান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বাড়িতে বুধবার মদন উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হয়েছে। এছাড়া নেত্রকোনা সদর ও পৌর বিএনপির সম্মেলনও হয়েছে এদিন। মদন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুস সালাম খান চদ্দুর সভাপতিত্বে সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহফুজুল হক, কেন্দ্রীয় যুবদল নেতা খোরশেদ আলম, আব্দুল মান্নান তাং, খায়রুল হক খসরু প্রমুখ বক্তব্য দেন। স্থানীয় মহুয়া অডিটরিয়ামে নেত্রকোনা সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হয়। সদর উপজেলা বিএনপির আহবায়ক মুজিবুর রহমান খানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান। এতে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কেন্দ্রীয় যুবদল নেতা খোরশেদ আলম, মাহফুজুল হক, আবু তাহের তালুকদার, এ টি এম আব্দুল বারী ড্যানী, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ জাহেদুল হক ও জাহাঙ্গীর আলম খান মাসুদ প্রমুখ বক্তব্য দেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের সরাসরি ভোটে মুজিবুর রহমান খান সদর উপজেলা বিএনপির সভাপতি, তাজেদুল ইসলাম ফারাস সোজাত, সাধারণ সম্পাদক ও ক্বারী মোহাম্মদ মাসুদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পৌর বিএনপির কাউন্সিলরদের ভোটে কামাল আহম্মেদ সভাপতি, আনিসুর রহমান সাধারণ সম্পাদক ও কামরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, শিবগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে বুধবার শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন হয়েছে। জেলা বিএনপির আহবায়ক সাবেক সাংসদ অধ্যাপক শাহজাহান মিয়া সম্মেলনের উদ্বোধন করেন। এতে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজ লায়েকসহ বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য দেন। পরে আশরাফ আলীকে সভাপতি ও আশরাফুল আলম রশিদকে সাধারণ সম্পাদক করে শিবগঞ্জ উপজেলা কমিটি এবং সফিকুল ইসলামকে সভাপতি ও শামীম কবির হেলিমকে সাধারণ সম্পাদক করে শিবগঞ্জ পৌর কমিটি গঠন করা হয়। কুড়িগ্রাম প্রতিনিধি জানান, জেলার চিলমারী উপজেলা বিএনপির সম্মেলন বুধবার পণ্ড হয়ে গেছে। দু'পক্ষের মধ্যে উত্তেজনার পর কর্তৃপক্ষ ১৪৪ ধারা জারি করলে সম্মেলন হতে পারেনি। উপজেলা বিএনপির বিবদমান দু'টি গ্র"প একই সময় একই স্থানে সম্মেলন আহ্বান করলে উত্তেজনার সৃষ্টি হয়। সম্ভাব্য সংঘাত এড়াতে উপজেলা প্রশাসন সম্মেলন স্থল 'রাজারভিটা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণ এলাকায় ১৪৪ ধারা জারি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এসকে/০০০৬ঘ.