ঢাকা নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচার মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো সোমবার তারিখ থাকলেও আদালতে হাজির হননি। আদালতে তার ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়ে আইনজীবীরা এদিন আবেদন জানান।
আগামী ১৪ জানুয়ারি তারিখে হাজিরা থেকে অব্যাহতির আবেদন শুনানির জন্য একই বিচারক দিন ধার্য করেন।
নির্বাহী আদেশে কারাগার থেকে মুক্ত হয়ে ব্যাংককে চিকিৎসাধীন রয়েছেন কোকো।
দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ১২ নভেম্বর কোকো ও তার কথিত সহযোগী ইসমাইল হোসেন সায়মনের বিরুদ্ধে ২৮ লাখ ৮৪ হাজার ৬শ' চার সিঙ্গাপুরি ডলার এবং ৯ লাখ ৩২ হাজার মার্কিন ডলার বিদেশে পাচারের অভিযোগপত্র দাখিল করে।
১৫ নভেম্বর মামলাটি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে বিচারের জন্য ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে বদলি হয়ে এলে বিচারক এ এন এম বশিরউল্লাহ সোমবার কোকোকে এ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। সায়মনের বিরুদ্ধে জারি করেন গ্রেপ্তারি পরোয়ানা।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কোকোর বড় ভাই তারেক জিয়া চিকিৎসার জন্য বিদেশে থাকায় তিনিও আইনজীবীদের মাধ্যমে আদালতে হাজিরা দিচ্ছেন।
সাবেক নৌমন্ত্রী প্রয়াত লে. ক. (অব) আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মনকে এখনও গ্রেপ্তার করা যায়নি। এমনকি এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশের দিন থেকে ৮ পার হয়ে গেলেও তাকে গ্রেপ্তার করা গেল কিনা এ সম্পর্কেও কোনো তথ্য গুলশান এবং ক্যান্টনমেন্ট থানা পুলিশ সোমবার আদালতে দাখিল করতে পারেনি।
বিচারক এ এন এম বশির উল্লাহ আগামী ১৪ জানুয়ারি সায়মনকে গ্রেপ্তারের পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আবারো তারিখ ধার্য করেন। এ বিচারকই গত ১৫ নভেম্বর সায়মনকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২৩৫৫ঘ.
bdnews24