সিলেট, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট মহানগর বিএনপির সম্মেলন স্থগিত করা হয়েছে বলে দলের নেতারা জানিয়েছেন।
মঙ্গলবার নগরীর এম সাইফুর রহমান মিলনায়তনে এ সম্মেলনের তারিখ নির্ধারিত ছিল। সম্মেলনে প্রধান অতিথি করা হয়েছিল বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি এম কে আনোয়ারকে।
তবে সম্মেলন কেন স্থগিত করা হয়েছে এ নিয়ে মহানগর বিএনপির দুই গ্র"পের কাছ থেকে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে।
সোমবার রাতে মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল কাইয়ূম জালালী ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশৃঙ্খলতা দেখা দিতে পারে- এ আশঙ্কায় কেন্দ্রই সম্মেলন স্থগিত করেছে।"
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলীর অনুসারী হিসেবে পরিচিত কাইয়ুম জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
প্রয়াত এম সাইফুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত নেতারা বলছেন, রোববার এম কে আনোয়ার সম্মেলনে থাকতে পারবেন না বলে জানিয়েছেন।
বিষয়টি তারা কেন্দ্রে জানাবেন এবং সম্মেলন ঈদের পরে করা যায় কিনা সে প্রস্তাব দেবেন।
মহানগরের যুগ্ম আহবায়ক রেজাউল হাসান লোদী বলেন, "আমরা প্রস্তুতি চূড়ান্ত করে রেখেছিলাম। প্রধান অতিথি না থাকলে সম্মেলন হবে কিভাবে? সম্মেলন এক রকম স্থগিতই বলা যায়।"
এ বিষয়ে মহানগর বিএনপির আহবায়ক শাহরিয়ার হোসেন চৌধুরী সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।
মহানগরের কয়েকজন নেতারা জানিয়েছেন, কেন্দ্র থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) নগর সম্মেলনের তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছিল। তার আগেই নগরীর ২৭টি ওয়ার্ডের সম্মেলন শেষ করার নির্দেশ দেওয়া হয়।
এর মধ্যে ২৬টি ওয়ার্ডের সম্মেলন হয়েছে। রোববার ৭ নম্বর ওয়ার্ডের সম্মেলন এক পক্ষের হামলায় পণ্ড হয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৪ ঘ.
bdnews24