ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোন্দলে বিভিন্ন জেলার সম্মেলন পণ্ড হলেও জাতীয় কাউন্সিল পেছানো হবে না বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়।
আগামী ৮ ডিসেম্বরের কাউন্সিল সামনে রেখে দলটি কাউন্সিলের লোগো, ওয়েবসাইট ও সঙ্গীত চূড়ান্ত করেছে।
কাউন্সিল প্রচার উপকমিটির আহ্বায়ক গয়েশ্বর সোমবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, "৮ তারিখ আমাদের কাউন্সিল হবেই। এটা পেছানোর কোনো সুযোগ নেই।''
তবে ক্ষমতাসীন দল বিভিন্ন স্থানে জেলা কাউন্সিল অনুষ্ঠানে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
অভ্যন্তরীণ কোন্দলের বিষয়ে গয়েশ্বর বলেন, "জেলা কাউন্সিলে যে সব ঘটনা ঘটছে, তা জাতীয় কাউন্সিলে প্রভাব ফেলবে না। বৃহৎ দলে এ রকম বিভক্তি কিংবা আলাদা সভা হতেই পারে।"
বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। নির্বাচন কমিশনে নিবন্ধন টিকিয়ে রাখতে হলে ২৫ জানুয়ারির মধ্যে বিএনপিকে কাউন্সিল করে সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন করতে হবে।
গয়েশ্বর জানান, এবারের কাউন্সিলের স্লোগান হচ্ছে- 'নানান মানুষ নানান পথ, দেশ বাঁচাতে ঐক্যমত'।
ঈদের আগেই থিম সঙ্গীত, রিং টোন, মনোগ্রাম, টিশার্ট-গেঞ্জি, টুপি, কলম, কোট পিন, বিলবোর্ড তৈরির মাধ্যমে কাউন্সিলের প্রচার শুরু হবে বলে তিনি জানান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী সঙ্গীত 'ইয়েস উই ক্যান' এর অনুকরণে বিএনপির কাউন্সিল সঙ্গীত তৈরি করা হয়েছে। এছাড়া কাউন্সিল উপলক্ষে ফেইস বুক গ্র"প খোলা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24