২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়ায় সাকার বাড়িতে হামলা

বিএনপি দলীয় সাংসদ সালাউদ্দীন কাদের (সাকা) চৌধুরীর রাঙ্গুনিয়ার বাড়িতে শনিবার একদল যুবক হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2009, 03:13 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

চট্টগ্রাম, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিএনপি দলীয় সাংসদ সালাউদ্দীন কাদের (সাকা) চৌধুরীর রাঙ্গুনিয়ার বাড়িতে শনিবার একদল যুবক হামলা চালিয়ে ভাঙচুর করেছে। দুপুর দুইটার দিকে তার কাদের নগরের বাড়ির পাশের মিলনায়তনে রাখা শতাধিক চেয়ার ও আসবাবপত্র ভাঙচুর করে ওই যুবকরা। বিকেল চারটায় সেখানে সাকা চৌধুরীর উপস্থিতিতে উপজেলা বিএনপি'র একটি বৈঠক হওয়ার কথা ছিলো। বাড়ির তত্তাবধায়ক নুরুল আবছার হামলার জন্য স্থানীয় যুবলীগ কর্মীদের দায়ী করলেও সন্ধ্যা পর্যন্ত থানায় কোন অভিযোগ জানাননি। যুবলীগ ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা অভিযোগ অস্বীকার করে বলেছেন, উপজেলা বিএনপি'র সম্মেলন নিয়ে কোন্দলের জের ধরে এ হামলা হয়েছে। নুরুল আবছার অভিযোগ করেন, যুবলীগের ৫০-৬০ জন কর্মী মোটরসাইকেলে এসে মিলনায়তনে রাখা চেয়ার ও আসবাবপত্র ভাঙচুর করে। এসময় তিনি নিজেও লাঞ্ছিত হন বলে দাবি করেন নূরুল আবছার। রাঙ্গুনিয়া থানার ওসি কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুরে একদল সন্ত্রাসী শতাধিক চেয়ার ভাঙচুর করেছে। বাড়ির কেয়ারটেকার আবছার দাবি করেছেন, ক্ষমতাসীন দলের যুবলীগের স্থানীয় কর্মীরাই এ হামলা চালায়। তবে সে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি।" সন্ধ্যা সাতটা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি বলেও জানান ওসি। উপজেলা আওয়ামী লীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরীর দাবি, স্থানীয় বিএনপি'র সম্মেলন নিয়ে বিবাদমান দুটি পক্ষের মধ্যে গত এক সপ্তাহ ধরে উত্তেজনা চলছে। এর জের ধরেই একটি পক্ষ শনিবার এ হামলা করেছে। সালাউদ্দীন চৌধুরীর বাড়ি রাউজানে হলেও পরপর দু'বার রাঙ্গুনিয়া থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর তিনি রাঙ্গুনিয়ায় একটি বাড়ি তৈরি করেন। রাঙ্গুনিয়া এলে কাদের নগরের বাড়িতে বসে তিনি সাংগঠনিক কাজ করে থাকেন। সর্বশেষ নবম জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়া থেকে তিনি নির্বাচন করে হেরে গেলেও ফটিকছড়ি থেকে জয়ী হন। বিডিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/জিএনএ/২১০৮ ঘ.