কক্সবাজার, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কক্সবাজার জেলা বিএনপি'র কাউন্সিল অনুষ্ঠানের মঞ্চে শুক্রবার দলের একাংশের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
এ সময় সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদের মাথায় চেয়ারের আঘাত লাগে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা নুরুল বশর চৌধুরী।
রাত সোয়া ৯ টার দিকে কক্সবাজার স্টেডিয়ামে জেলা বিএনপির কাউন্সিলের প্রধান অতিথি কেন্দ্রীয় নেতা সেলিমা রহমান কমিটি ঘোষণা শুরু করলে এক পর্যায়ে স্থানীয় সাংসদ লুৎফুর রহমানের অনুসারীরা মঞ্চে হামলা চালায়।
ঘটনাস্থলে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কক্সবাজার প্রতিনিধি জানান, সভাপতি ও জ্যেষ্ঠ সহ-সভাপতির নাম ঘোষণার পর সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা মাত্র মঞ্চের চারপাশে হৈ চৈ শুরু হয়। একপর্যায়ে চেয়ার ছোঁড়াছুঁড়ি এবং পরে নেতাদের ওপর হামলা ও তাদের গাড়ি ভাঙচুর করা হয়। উত্তেজিত নেতা-কর্মীরা সাধারণ সম্পাদক প্রার্থী ও সাংসদ লুৎফুর রহমান কাজলের পক্ষে শ্লোগান দিয়ে চেয়ার ছোঁড়াছুড়ি শুরু করেন।
কমপক্ষে ১৫ মিনিট ধরে এ অবস্থা চলে।
এ অবস্থায় সেখান থেকে দ্রুত সেলিমা রহমান ও সালাহউদ্দিন আহমদকে হোটেল সী-প্যালেসে পাঠিয়ে দেওয়া হয়। আর সাংসদ হাসিনা আহমদ ও সদ্য ঘোষিত সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না ষ্টেডিয়াম কার্যালয়ে আশ্রয় নিলে সেখানেই আটকা পড়েন। আধঘণ্টা পর পুলিশ তাদের উদ্ধার করে। এর পরপরই কিছু যুবক শাহজাহান চৌধুরী ও নুরুল বশর চৌধুরীর গাড়ি ভাঙচুর করে।
বিএনপি নেতা-কর্মীরা জানান, সম্মেলন চলাকালে সালাহউদ্দিন আহমদ ঘোষণা দেন, কাউন্সিল নয়, কেন্দ্রীয় নেতারা যাদের নেতা নির্বাচিত করবেন তাদের মেনে নিতে হবে। এরপর সেলিনা রহমান সভাপতি হিসেবে শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে শামীম আরা স্বপ্নার নাম ঘোষণা করেন।
শাহজাহান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কমিটি ঘোষণা করা হয়েছে। কাউন্সিলররা ঘোষিত কমিটি হাত তুলে মেনে নিয়েছেন। নতুন করে আর কমিটি ঘোষণা হবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসএইচ/০০১৩ ঘ.
bdnews24