২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে: মওদুদ

বিএনপি নেতা সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2009, 10:37 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিএনপি নেতা সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রায়ের পর মতিঝিলে নিজ চেম্বারে সাংবাদিকদের মওদুদ আহমেদ বলেন, "সুপ্রিম কোর্টের এই রায়ের মাধ্যমে শুধু দেশে আইনের শাসনই প্রতিষ্ঠা নয়, জাতি স্বস্তিও পেয়েছে। দেশের মানুষ আর এ ধরণের হত্যাকাণ্ড দেখতে চায় না।'' তিনি বলেন, "এ রায় দলীয়ভাবে বিবেচনা করা উচিত হবে না। আইনের দৃষ্টিতে এ রায় দেখতে হবে।'' বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এ মামলার শুনানি করতে অস্থায়ী ভিত্তিতে বিচারক নিয়োগের ব্যবস্থা করতে তৎকালীন প্রধান বিচারপতির চিঠি সত্ত্বেও উদ্যোগ না নেওয়ার জন্য আইনমন্ত্রী মওদুদকে দায়ী করে থাকেন আওয়ামী লীগ নেতারা। সর্বোচ্চ আদালতের সবাইকে মেনে নিতে হবে মন্তব্য করে তিনি বলেন, এ রায় কার্যকরের দায়িত্ব সরকারের। এক প্রশ্নের জবাবে জেনারেল জিয়াউর রহমান ও জেনারেল এইচএম এরশাদের মন্ত্রিসভার এক সময়ের সদস্য মওদুদ বলেন, "বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়ার সম্পৃক্ততার অভিযোগ ভিত্তিহীন। এটা রাজনৈতিক কারণেই করা হয়। সুপ্রিমকোর্টের রায়ে আজ হত্যাকারীদের বিচার হয়ে গেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জিএনএ/১৬০০ ঘ.