চট্টগ্রাম, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহানগর বিএনপি'র সম্মেলনে সংঘর্ষের প্রতিবাদে মঙ্গলবার বিকালে আলাদা সমাবেশ করেছে আবদুল্লাহ আল নোমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর সমর্থকরা।
সোমবার মূলত এ দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে মহানগর বিএনপির সম্মেলন কার্যত পণ্ড হয়। জ্যেষ্ঠ কয়েকজন নেতা সম্মেলন 'আংশিক সফল' বলে দাবি করেছেন।
বিকালে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির ব্যানারে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমানের অনুসারী নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করে।
আমীর খসরুর অনুসারীরা বন্দর থানার ব্যানারে বিএনপি সম্মেলনে হামলার প্রতিবাদে নগরীর ইপিজেড মোড়ে পৃথক সমাবেশের আয়োজন করে। সোমবারই খসরু সাংবাদিকদের বলেন, তিনি থানা ভিত্তিতে পর্যায়ক্রমে প্রতিবাদের আয়োজন করবেন।
উভয় সমাবেশ থেকে বক্তারা সোমবার দলীয় সম্মেলনে হামলা ও সংঘর্ষের জন্য একে অন্যকে দোষারোপ করে শাস্তি দাবি করেন।
নাসিমন ভবনে অনুষ্ঠিত নোমানের সমাবেশ থেকে বলা হয়, খসরু আবদুল্লাহ আল নোমানকে অন্যায়ভাবে জড়িয়ে বক্তব্য দিয়েছেন যা শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা মাত্র। নোমানের নামে 'অপপ্রচার' এবং দলের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা সাবধান করে দেন।
বিএনপি নেতা নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এম এ সবুর, অ্যাডভোকেট আবদুস সাত্তার, ওয়ার্ড কাউন্সিলর শামসুল আলম, মোহাম্মদ আলী, ইয়াছিন চৌধুরী লিটন প্রমুখ।
অন্যদিকে ইপিজেড মোড়ে আমীর খসরুর সমর্থকদের সমাবেশেও অবিলম্বে সম্মেলনে হামলাকারীদের বিচার ও শাস্তি দাবি করা হয়।
মহানগর কমিটির যুগ্ম আহবায়ক ও বন্দর থানা বিএনপি'র সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বিএনপি নেতা বদরুল আলম, মো. নুরুজ্জামান, কামাল উদ্দিন, হাসান মুরাদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/১৯৫৬ঘ.
bdnews24