২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি'র সম্মেলন নিয়ে পাল্টাপাল্টি

বন্দরনগরী ছাড়াও দেশের কয়েকটি স্থানে সোমবার বিএনপির সম্মেলন বা কমিটি গঠন নিয়ে উপদলীয় কোন্দলের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 06:48 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরনগরী ছাড়াও দেশের কয়েকটি স্থানে সোমবার বিএনপির সম্মেলন বা কমিটি গঠন নিয়ে উপদলীয় কোন্দলের ঘটনা ঘটেছে। এগুলো হচেছ পঞ্চগড়, ফরিদপুর, কুড়িগ্রাম ও বাগেরহাট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পঞ্চগড় প্রতিনিধি জানান, বিএনপির একটি অংশ দেবীগঞ্জ অডিটরিয়ামে সম্মেলন আয়োজন করলে প্রতিপক্ষ গ্র"প একই সময়ে সেখানে সমাবেশ ডাকে। এ কারণে প্রশাসন ওই স্থানে সোমবার সারাদিন ১৪৪ ধারা জারি রাখে। এ কারণে উপজেলা বিএনপির এক অংশ তিস্তাহাট এলাকায় সম্মেলন করেছে। এ সময় অন্য অংশ করতোয়া সেতু সংলগ্ন এলাকায় সমাবেশ করে। দেবীগঞ্জ থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন সভাস্থল ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে। সকাল থেকে সেখানে পুলিশ অবস্থান নিয়ে কোনো পক্ষকে সভা-সমাবেশ করতে দেয়নি। ফরিদপুর: দুই অংশের মারামারির মধ্য দিয়ে সোমবার বিকালে ফরিদপুর জেলা বিএনপির সম্মেলন পণ্ড হয়ে গেছে। সংঘর্ষে গুরুতর আহত জেলা ছাত্রদল সভাপতি মো. সেলিম মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরের অম্বিকা মেমোরিয়্যাল হলে এ কাউন্সিল অধিবেশন হচ্ছিল। নির্বাচন পরিচালনা পরিষদের আহ্বায়ক শাহ মো. আবু জাফর বলেন, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী হওয়ায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে নেতা নির্বাচনের সিদ্ধান্ত হয়। ভাঙ্গা'র ভোট গ্রহণ শুরুর পর জাল ভোট দেওয়ার অভিযোগে জেলা ছাত্রদল সভাপতি মো. সেলিম মিয়া ওই উপজেলার এক কাউন্সিলরকে মারধর করলে হইচই শুরু হয়। পরে অম্বিকা হলের বাইরে কর্মীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কাউন্সিলরকে মারধরকারী ছাত্রদল নেতা সেলিম নিজেও গুরুতর আহত হন। সভাপতি পদপ্রার্থী কেন্দ্রীয় যুবদল সদস্য মাহবুবুল হাসান সাংবাদিকদের বলেন, "একজন প্রার্থীর পক্ষে জালভোট দিতে বাধা দেওয়ায় ভোট গ্রহণ পর্ব পণ্ড হয়ে যায়।" ফরিদপুর কোতয়ালী থানার ওসি নূরে আলম বলেন," হলের ভেতরে হঠাৎ করে হট্টগোল শুরু হয়। পরে দু'পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।" আহত ছাত্রদল নেতা সেলিম মিয়াকে প্রথমে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একই দিন দেশের আরেক প্রান্তে দীর্ঘ বিশ বছর পর আয়োজিত চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মেলন উপদলীয় বিরোধের জেরে বানচাল হয়ে যায়। কুড়িগ্রাম: ভুরুঙ্গামারী উপজেলায় বিএনপির দুটি অংশ পাল্টাপাল্টি কমিটি গঠন করেছে। গত ৮ নভেম্বর ভুরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত কাউন্সিলে কাজী গোলাম মোস্তফা সভাপতি, শাহীন শিকদার সাধারণ সম্পাদক এবং এমএ মজিদ সরকারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। এদিকে দলের আরেকটি অংশ সোমবার ভুরুঙ্গামারী কলেজ মোড়ে আয়োজিত এক সভায় আব্দুল জলিলকে সভাপতি, কাজী নিজাম উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং রাশেদুন্নবী লালুকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যের একটি কমিটি গঠন করেছে। এ ব্যাপারে আগে গঠিত কমিটির সাধারণ সম্পাদক শাহীন শিকদার বলেন, পাল্টা কমিটি গঠনের ব্যাপারে তিনি কিছুই জানেন না। পরে গঠিত কমিটির সাধারণ সম্পাদক কাজী নিজাম উদ্দিন বলেন, নিয়মতান্ত্রিকভাবে কমিটি গঠন না হওয়ায় তারা সোমবার নতুন কমিটি গঠন করেছেন। বাগেরহাট: ফকিরহাট উপজেলা বিএনপির দুই গ্র"প একই স্থানে একই সময়ে সম্মেলন ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। উপজেলা সদরের মূলঘর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসলাম হোসেন রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা বিএনপির শরীফুল কামাল কারিম ও খান আনোয়ার হোসেন গ্র"প উভয়েই মঙ্গলবার বিকাল ৩টায় মূলঘর স্কুল মাঠে সম্মেলন করার অনুমতি চাইলে দুপক্ষের নেতাদের ডেকে একটি সমঝোতার চেষ্টা করা হয়। কিন্তু তারা তাতে রাজি না হলে শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ আদেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/০০৩০ ঘ.