ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চেয়ারপারসনের ক্ষমতা আগের মতো বহাল, মহাসচিব পদে সরাসরি নির্বাচন ও কেন্দ্র থেকে মাঠ পর্যায় পর্যন্ত একাধিক পদে একই ব্যক্তির নেতৃত্ব না রাখার বিধানসহ ৪০টি সংশোধনী প্রস্তাবের সুপারিশ করেছে বিএনপির গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটি।
রোববার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের আগে উপ-কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে জমা দেয়। এর আগে উপ-কমিটি এক বৈঠক করে এটি চূড়ান্ত করে।
রাত সাড়ে ৯ টায় শুরু হওয়া স্থায়ী কমিটির বৈঠকে এ প্রতিবেদন পর্যালোচনা করা হয়। কোনো সিদ্ধান্ত ছাড়াই রাত ১২ টা ১০ মিনিটে বৈঠক শেষ হয়েছে।
বৈঠক শেষে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, "দলের গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবগুলো নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। আমরা এগুলো পর্যালোচনা করছি। আবার আমরা বৈঠকে বসবো।"
বৈঠকে গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন।
আগামী ৮ ডিসেম্বর বিএনপির জাতীয় কাউন্সিলে বর্তমান গঠনতন্ত্রটি সংশোধন করা হবে।
বর্তমানে দলের স্থায়ী কমিটি ভেঙে দেওয়া ও গঠন, যে কোন পর্যায়ের নেতাকে বহিস্কার ও মহাসচিব মনোনয়নের মতো নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী চেয়ারপারসন।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ ক্ষমতা নিয়ে ব্যাপক বির্তক হয়। এর সূত্র ধরেই দলের ভেতর থেকে সংস্কারপন্থীরা দলে গণতন্ত্রায়নের দাবি জানান। তবে শেষ পর্যন্ত কিছুই হয় নি। উল্টো ১১ বছরের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াকে দল থেকে বহিস্কার করা হয়।
রাতে গুলশানের কার্যালয়ে গঠনতন্ত্র উপ-কমিটির আহবায়ক ও দলের সহ-সভাপতি তরিকুল ইসলাম এক সংবাদ ব্রিফিয়ে বলেন, "সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ আইন অনুযায়ী বিএনপি তার গঠনতন্ত্র সংশোধন করার জন্য এ সংক্রান্ত প্রস্তাব সম্বলিত সুপারিশ প্রণয়ন করেছে।
"ওই প্রতিবেদনটি জাতীয় স্থায়ী কমিটি এখন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।''
তিনি জানান, গঠনতন্ত্র সংশোধনের জন্য দেশের বিভিন্ন সাংগঠনিক জেলা থেকে ৪৪ জন নেতা-কর্মী সংশোধনী প্রস্তাব দিয়েছেন।
সংশোধন প্রস্তাব সর্ম্পকে বিস্তারিত কিছু বলেননি উপ-কমিটির আহবায়ক।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এক নেতা এক পদ-এ রকম একটি সংশোধন প্রস্তাব বেশি এসেছে। এটা আমরা আমাদের প্রণীত সুপারিশে এটা রেখেছি।"
এক নেতা এক পদ অর্থ হচ্ছে কোন নেতা দলের একাধিক কমিটির দায়িত্বে থাকতে পারবেন না।
চেয়ারপারসনের সর্বময় ক্ষমতা সর্ম্পকে এক প্রশ্নের জবাবে তরিকুল ইসলাম বলেন, "এটা বর্তমান গঠনতন্ত্রে যেমন আছে, তেমনি থাকছে। নতুন কোন প্রস্তাব সংশোধনী প্রতিবেদনে রাখা হয়নি।"
বিএনপির গঠনতন্ত্রে 'বাংলাদেশী জাতীয়তাবাদ ও গণতন্ত্র' ঠিক রেখে সংশোধন করা হচ্ছে দাবি করে তিনি বলেন, "সব মিলে নতুন ও পুরনো মিলে প্রায় ৪০ দফা সংশোধনী প্রস্তাব আছে।"
এ সময় অন্যদের মধ্যে উপ-কমিটির সদস্য ও দলের যুগ্ম-মহাসচিব নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া, উকিল আবদুস সাত্তার, মাসুদ আহমেদ তালুকদার, ফেরদৌস আখতার ওয়াহিদা, আসিফা আশরাফী পাপিয়া উপস্থিত ছিলেন।
উপকমিটির ব্রিফিঙের পর খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, এম শামসুল ইসলাম ও মাহবুবুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/এএনএস/এইচএ/০০২৫ ঘ.
bdnews24