২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী রোম গেলেন

জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনে যোগ দিনে ইতালির উদ্দেশে রোববার ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 05:21 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনে যোগ দিনে ইতালির উদ্দেশে রোববার ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনৈতিক মন্দা ও বিশ্বে খাদ্য সঙ্কটের প্রেক্ষাপটে এফএও তিনদিনের এ সম্মেলনে বসছে। সম্মেলনে সোমবারের অধিবেশনে প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে খাদ্য ও কৃষি নিরাপত্তা বিষয়ক এক গোলটেবিল আলোচনায়ও যোগ দেবেন তিনি। কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী রোমের পথে দুবাইয়ে যাত্রা বিরতি করবেন। সেখানে তিনি একাদশ অ্যারোস্পেস প্রদর্শনীতে যোগ দেবেন এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সকাল ১০টায় দুবাইয়ের উদ্দেশে রওনা হন শেখ হাসিনা। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১১১১ ঘ.