চট্টগ্রাম, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগর বিএনপি'র কাউন্সিলের দুইদিন আগে শনিবার সকালে ও বিকালে কোতোয়ালী থানা কমিটির বিবাদমান দু'টি পক্ষ আলাদা সম্মেলন করেছে।
সকালে নগরীর দিদার মার্কেট লাগোয়া সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে নগর বিএনপি'র আহবায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী এবং বিকালে মুসলিম ইনস্টিটিউট হলে দলের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আবদুল্লাহ আল নোমানের অনুসারীরা আলাদা সম্মেলন করে।
আলাদা দুটি কমিটিও ঘোষণা করা হয়।
সাংগঠনিকভাবে মহানগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক থানা হিসেবে বিবেচিত কোতোয়ালী থানা বিএনপির দুই পক্ষের আলাদা সম্মেলনে সোমবার অনুষ্ঠেয় মহানগর কমিটির সম্মেলন নিয়ে দলীয় কোন্দল প্রকট হয়ে উঠেছে।
সকালে আমীর খসরু মাহমুদের অনুসারীদের সম্মেলনে মহানগর বিএনপি'র যুগ্ম-আহবায়ক শামসুল আলমকে সভাপতি এবং বিকালে নোমানপন্থীদের সম্মেলনে মহানগর কমিটির সাবেক যুগ্ম-সম্পাদক এম এ সবুরকে সভাপতি করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
উভয় কমিটির অন্য সদস্যদের নাম নাম পরে ঘোষণা দেওয়া হবে বলে সম্মেলনে জানানো হয়।
এক অংশের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "দলের জন্য যারাই ত্যাগ করবে তারাই বিএনপিকে শক্তিশালী করবে।"
তিনি দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর কমিটির যুগ্ম-আহবায়ক সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, দস্তগীর চৌধুরী, আবু সুফিয়ান, শাহাদাত হোসেন।
অপর সম্মেলনে সভাপতিত্ব করেন নগর কমিটির যুগ্ম-আহবায়ক এএম নাজিমউদ্দিন। সম্প্রতি তাকে কোতোয়ালী থানা কমিটির সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এম এ সবুর, আবদুস সাত্তার, মহানগর যুবদলের সভাপতি আবুল হাশেম বক্কর, এয়াছিন চৌধুরী লিটন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএইচ/২২২২ ঘ.
bdnews24