ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়ো প্রতিবেশী দেশ হিসেবে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ভারতকেই উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিএনপি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।
শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে ভারতের সফররত পররাষ্ট্র সচিব নিরুপমা রাও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান।
এ সময় খালেদা জিয়া তাকে এসব কথা বলেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা শমসের মবিন চৌধুরী।
বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, আলোচনার মাধ্যমে দু' দেশের অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য নয়াদিল্লীর প্রতি আহবান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী।
সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে ৪৫ মিনিট স্থায়ী সাক্ষাতে দু' দেশের বিভিন্ন সমস্যা, সীমান্ত পরিস্থিতি, টিপাইমুখে বাঁধ নির্মাণ প্রকল্প, বানিজ্য ঘাটতি কমিয়ে আনার মতো বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
বৈঠকে টিপাইমুখে বাঁধ নির্মাণ প্রকল্পে বাংলাদেশের ক্ষতির বিষয়টিও ওই দেশের পররাষ্ট্র সচিবকে জানানো হয়।
শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, বাংলাদেশের ক্ষতি হয়-সে রকম কিছু করবে না বলে দেওয়া ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বক্তব্যও ভারতীয় পররাষ্ট্র সচিবকে স্মরণ করিয়ে দেন বিরোধী দলীয় নেতা।
২০০৬ সালে ভারত সফরকালে প্রধানমন্ত্রী মনমোহন সিংএর সঙ্গে সাবেক এ প্রধানমন্ত্রীর বৈঠকের কথাও তাকে জানানো হয়।
সীমান্ত পরিস্থিতিতে বিভিন্ন সময়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশের নিরীহ মানুষ নিহত হওয়ার বিষয়টি খালেদা জিয়া উদ্বেগের সঙ্গে তুলে ধরেন জানিয়ে শমসের মবিন বলেন, "এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে পররাষ্ট্র সচিবের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।"
দু' দেশের বাণিজ্য ঘাটতি দূর করতে বাংলাদেশের পণ্য ভারতে রপ্তানির সুযোগ দিতেও ওই দেশের প্রতি অনুরোধ জানান সাবেক প্রধানমন্ত্রী।
ভারতের পররাষ্ট্র সচিব নিরুপমা রাও বাংলাদেশের নারী শিক্ষার অগ্রগতিতে খালেদা জিয়ার অবদানের ভূয়সী প্রশংসা করেন বলে জানান শমসের মবিন।
বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী, খালেদা জিয়ার সঙ্গে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/২১১০ ঘ.
bdnews24