২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধীদের' বিচারে কোনো ছাড় নয়

একাত্তরের 'যুদ্ধাপরাধীদের' বিচারে সরকার দেশি-বিদেশি কোনো বাধার কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2009, 03:08 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের 'যুদ্ধাপরাধীদের' বিচারে সরকার দেশি-বিদেশি কোনো বাধার কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অনেকে 'যুদ্ধাপরাধীদের' বিচারে দেশি-বিদেশি শক্তির ভয় দেখায় উল্লেখ করে এ কে খন্দকার বলেন, "জনগণের মনোবলের কাছে এ সব শক্তি কিছুই না। একাত্তরে ভারত ছাড়া গোটা পৃথিবীর বিরোধিতার মুখে আমরা দেশ স্বাধীন করেছি। "আজ যারা যুদ্ধাপরাধীদের পক্ষে দাঁড়াতে পারে বলে আমরা আশঙ্কা করছি, তারা একাত্তরেও আমাদের শত্র" ছিল। তাই সরকার এসব বাধার মুখে নতি স্বীকার করবে না।" যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলে দেশ ভয়াবহ নাশকতার কবলে পড়তে পারে এমন আশঙ্কা ব্যক্ত করে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ বলেন, "এ জন্য সরকার যুদ্ধাপরাধীদের বিচারে আন্তারিক হলেও বুঝে-শুনে পা ফেলতে হচ্ছে। "কারণ যুদ্ধাপরাধীরা বিভিন্ন দলে বড় বড় পদ-পদবি ধরে আছেন। তারা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বিচার প্রক্রিয়া বানচাল করার চেষ্টা করতে পারে। এ জন্যই বিচার প্রক্রিয়া শুরু করতে দেরি হচ্ছে।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের রাজনীতিতে পুনর্বাসন করায় জিয়ার বিরুদ্ধে সেনাবাহিনীতে ১৯ বার বিদ্রোহ হয়। জিয়া এ সব বিদ্রোহ নিষ্ঠুরভাবে দমন করেন। একদিনেই তিনি ৭৭ জনের ফাঁসির প্রক্রিয়া সম্পন্ন করেন। অবশ্য এ রকম এক বিদ্রোহেই তিনি প্রাণ হারান।" সেনাবাহিনীর ভেতরে অনেক ঘটনাই চিরদিনের জন্য হারিয়ে যায় মন্তব্য করে সাবেক এই সেনাপ্রধান বলেন, "জিয়ার আমলে নিহত অনেক সেনা সদস্যের পরিবার জানে না তাদের প্রিয়জন কোথায় আছে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সভার সঞ্চালনা করেন। এতে শিক্ষার্থীদের মধ্য থেকে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রিয়াদুল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আল-আমিন চৌধুরী সুমন বক্তব্য রাখেন । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ৮ নম্বর সেক্টরের কমান্ডার আবু ওসমান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শেখ সোহেল রানা টিপু, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এসএইচ/২০৫৫ ঘ.