২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র হচ্ছে'

সরকার একের পর এক মামলা দিয়ে জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, এভাবে মামলা দিয়ে বিএনপি ও জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরানো যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2009, 12:01 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার একের পর এক মামলা দিয়ে জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, এভাবে মামলা দিয়ে বিএনপি ও জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরানো যাবে না। অতীতে এ রকম অনেক প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। রাজধানীর রমনা রেস্তোরাঁয় দলের নেতা তারেক রহমানের ৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব এ সময় তারেক জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার আশু রোগমুক্তি কামনা করেন। আগামী ২০ নভেম্বর তারেক রহমানের ৪৫তম জন্মবার্ষিকী। ওইদিন বগুড়ায় তার পৈত্রিক বাড়িতে ছাত্রদলের সমাপনী কর্মসূচিতে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সরকার নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে দেলোয়ার বলেন, "সরকার যেভাবে বিএনপিকে ধ্বংস করার জন্য উঠে-পড়ে লেগেছে, তাতে আমরা দেশকে একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার আতঙ্কে আছি।" মিথ্যাচার ও মামলা দিয়ে বিএনপিকে জনগণের হৃদয় থেকে উচ্ছেদ করা যাবে না মন্তব্য করে তিনি দেশবাসীকে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তাদের দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের ও পুরাতন মামলার অভিযোগপত্র দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন। 'রাজনৈতিক হয়রানিমূলক' মামলা প্রত্যাহারে সরকার দ্বিমুখী নীতি নিয়েছে অভিযোগ করে কঠোর সমালোচনা করেন তিনি। গত বৃহস্পতিবার 'রাজনৈতিক হয়রানিমূলক' বিবেচনায় প্রত্যাহারের সুপারিশ করা আরো ২৯৩টি মামলার মধ্যে বিএনপির কারো মামলা নেই। ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম-মহাসচিব আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, যুবদলের সাংগঠনিক সম্পাদক খায়রুল কবীর খোকন, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিমও বক্তব্য রাখেন। এতে সাবেক ছাত্রনেতাদের মধ্যে সাংসদ শাম্মী আখতার, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মসূচির প্রথম দিন চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এতে ৩০ জন শিশু অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/