ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিরোধী দল সংসদে না এসে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে আবারো অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, "বিরোধী দল মাত্র একটি সিটের অজুহাতে সংসদে আসছে না। সংসদে না এসে তারা কোন ষড়যন্ত্রে লিপ্ত, সেটাই আমার প্রশ্ন।"
বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুবলীগের ৩৭ তম প্রতিষ্ঠা বাষির্কীতে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ অভিযোগ করেন।
তিনি বলেন, "ষড়যন্ত্র থেমে নেই। দেশের জনগণের দুর্ভাগ্য হলো, বারবার তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। অনেক মিথ্যা অপবাদ দিয়ে পঁচাত্তরে জাতির জনককে সপরিবারে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর হাজার হাজার কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। একই ভাবে যুবলীগেরও হাজার হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়। এখনও সেই ষড়যন্ত্র চলছে।"
এর আগে গত ৫ নভেম্বর বিরোধী দলের তীব্র সমালোচনা করে সংসদে শেখ হাসিনা বলেছিলেন, "তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার কোন ষড়যন্ত্র করছেন কিনা তাও দেখতে হবে। তারা এই ১০ মাসের সরকারকেও আলটিমেটাম দিয়েছে।"
তিনি আরো বলেন, "যখন বিচারের জন্য বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত হচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার হবে, তখন বিরোধীদল সংসদে অনুপস্থিত থেকে কী করতে চাচ্ছে? কী সিগন্যাল দিচ্ছে? তারা সংসদে আসছে না, তারা গণতন্ত্রকে সাপোর্ট করছে না, তারা কাকে সাপোর্ট করছে?
শেখ হাসিনা বলেন, "বিপুল ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় আসার পর দেখেছি কীভাবে ষড়যন্ত্র হয়েছে। বিডিআরে বিদ্রোহের ঘটনা ঘটিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। আমাদের মাত্র ৫২ দিনের সরকার সেই ষড়যন্ত্র মোকাবলা করেছে।"
দেশ ও জনগণের সেবায় যুবলীগ কর্মীদের আত্মনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন,"জনগণ আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছে সে বিষয়ে সচেতন থাকতে হবে। যুবলীগের প্রত্যেক নেতা-কর্মীর কাজ হবে দেশ ও জনগণের সেবায় আত্ম নিয়োগ করা।"
শেখ হাসিনা যুবলীগ কর্মীদের উদ্দেশে আরও বলেন, "টেন্ডারবাজি, চাঁদাবাজি এসব শুনতে চাই না। নিজেদের মেধা ও পরিশ্রম দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করুন। নিজের কাজ করার পাশাপাশি অন্যদের জন্যও কাজের ব্যবস্থা করুন। প্রয়োজনে কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নিন।"
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের উদাহরণ টেনে তিনি বলেন, তারা দেশের সম্পদ লুটপাটে ব্যস্ত ছিল। ক্ষমতা চিরস্থায়ী করতে হাজার-হাজার কোটি টাকা কামিয়েছে। তারা ভেবে ছিল টাকাই সব। কিন্তু ধন-সম্পদ ও অর্থ কেউই কবরে নিয়ে যেতে পারে না। শেষ পর্যন্ত অর্থই হয় অনর্থের মূল।
প্রধানমন্ত্রী এ বিষয়টি স্মরণ রাখতে বলেন যুবলীগ কর্মীদের। তিনি বলেন, "এখন সময় দেশ গড়ার। আপনারা ওয়াদা করুন যুবলীগের মান-মর্যাদা রক্ষা করে মেধা ও শ্রম দিয়ে জনগণের সেবায় কাজ করবেন।"
এর আগে অনুষ্ঠানে শিল্পী হৈমন্তী শুক্লা এবং সুবীর নন্দি সম্মিলনী সঙ্গীত পরিবেশন করেন।
এছাড়া 'শেখ হাসিনা, জীবন ও সংগ্রাম: গণ জাগরণের কাব্য' গ্রন্থ এবং 'হৃদয়ে সুর বীণা' অডিও সিডির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক ও সংসদের হুইপ মির্জা আজম এবং সাবেক চেয়ারম্যান ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২০৫০ ঘ.
bdnews24