ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আঞ্চলিক সহযোগিতা বাড়াতে কৌশলপত্র তৈরির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার তার কার্যালয়ে '২য় আঞ্চলিক এবং উপ আঞ্চলিক সহযোগিতা কমিটির' এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে উপ প্রেস সচিব নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান।
ভারত ও বাংলাদেশের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা ও আগামী মাসে প্রধানমন্ত্রীর ভারত সফরকালে কোন ধরনের চুক্তি স্বাক্ষর করা যেতে পারে সে বিষয়ে আলোচনার জন্য এ বৈঠকের আয়োজন করা হয়।
নজরুল ইসলাম জানান, দু দেশ পরস্পরকে সহযোগিতা করতে পারে এমন বেশ কিছু বিষয় বৈঠকে তুলে ধরেন শেখ হাসিনা। এর মধ্যে রয়েছে সড়ক ও রেল সংযোগ, নদীর যথাযথ ব্যবহার, গণমাধ্যম ও টেলিযোগাযোগের ব্যবহার, বিদ্যুৎ, পরিবেশ, কৃষি, শিক্ষা, সমুদ্রসীমা এবং পর্যটন।
উপ প্রেস সচিব বলেন, "চুক্তি স্বাক্ষরের বিষয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বেশ কিছু বিষয়ে প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করার নির্দেশ দেন। এর মধ্যে রয়েছে, আগরতলা-আখাউড়া রেলওয়ে সংযোগ নির্মাণ, খুলনা-চেন্নাই বিকল্প সাবমেরিন কেবল সংযোগ স্থাপন, চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীতে সেতু নির্মাণ ইত্যাদি।"
এছাড়া ভারত সফরকালে সেদেশের বাজারে যেসব পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের জন্য বাংলাদেশ প্রস্তাব দিতে পারে তার একটি তালিকা তৈরির জন্যও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।
নজরুল ইসলাম বলেন, "দারিদ্র্যকে এ অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, এ চ্যালেঞ্জ মোকাবিলায় এ অঞ্চলের দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।"
বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, বাণিজ্য মন্ত্রী ফারুক খান, যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মশিউর রহমান, তৌফিক এলাহি চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এমএ করিম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এসকে/১৮২৩ঘ.
bdnews24