ঢাকা, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ভোলা-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণার জন্যে সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।
সোমবার নির্বাচন কমিশন বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্তের পর সাংবাদিকদের একথা জানান তিনি।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে হাফিজ উদ্দিন আহমেদকে হারিয়ে বিজয়ী হন মো. জসিম উদ্দিন। তারা দু'জনই অবসরপ্রাপ্ত মেজর।
জসিম উদ্দিনের বিরুদ্ধে নির্বাচনী বিধি লংঘনের অভিযোগ তুলে মামলা করে নিজের পক্ষে রায় পেয়েছেন হাফিজ উদ্দিন।
ছহুল হোসাইন বলেন, "আদালতের রায়ের কপি সংসদ সচিবালয়ে পৌঁছেছে। আমাদের কাছেও একটি রয়েছে। আমরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি, ভোলা-৩ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের জন্য সংসদ সচিবালয়কে চিঠি পাঠাবো।"
তিনি জানান, গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন সম্পন্ন করা হবে।
এর আগে সকালে আদালতের রায়ের নির্দেশনা নিতে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনাররা বৈঠকে বসেন।
হাফিজউদ্দিন আহমেদের আবেদনে গত ২৬ ফেব্র"য়ারি হাইকোর্ট জসিমউদ্দিনের সংসদ সদস্য পদ অবৈধ ঘোষণা করে রায় দেয়।
জসিমউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি বাধ্যতামূলক অবসর পেলেও নির্বাচনের আগে ইসিকে তা জানাননি। বাধ্যতামূলক অবসরের ক্ষেত্রে পাঁচ বছর যাওয়ার আগে নির্বাচন করা যায় না।
সংসদ সদস্যপদ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে গত ১৮ অক্টোবর জসিমউদ্দিনের আপিল আবেদন খারিজ করে দেয় আপিল বিভাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২০০৫ঘ.
bdnews24