২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে কলেজছাত্রকে লাঞ্ছনার ঘটনায় অবরোধ-ভাংচুর

গোপালগঞ্জে কলেজছাত্রকে লাঞ্ছনার ঘটনায় সোমবার ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা তিনটি বাস ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 02:03 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

গোপালগঞ্জ, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জে কলেজছাত্রকে লাঞ্ছনার ঘটনায় সোমবার ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা তিনটি বাস ভাংচুর করেছে। বাস ভাংচুরের প্রতিবাদে পরিবহন শ্রমিকরা অভ্যন্তরীণ সব রুটে বাস বন্ধ করে দিয়েছে। তারা শহরে বিক্ষোভ মিছিলও করে দোষীদের গ্রেপ্তার দাবি করেছে। অন্যথায় মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট করার হুমকি দিয়েছে। শহরের বঙ্গবন্ধু কলেজের ছাত্ররা জানান, টুঙ্গিপাড়া থেকে ওসমান পরিবহনের একটি বাসে করে কলেজে আসার সময় ভাড়া নিয়ে শরিফুল, রুবেল ও সাজ্জাদ নামে তাদের তিন সহপাঠীকে লাঞ্ছিত করে বাস শ্রমিকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, এই ঘটনায় দুপুর ১২ টার দিকে ছাত্ররা কলেজের সামনে একটি বাস ভাংচুর করে এবং গাছ ফেলে সড়ক অবরোধ করে। পরে ছাত্ররা লাঠিসোটা নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা নামকস্থানে অবস্থান নেয়। অন্যদিকে কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে বাস শ্রমিকরা অবস্থান নেয়। ছাত্ররা আরো দুটি বাস ভাংচুর করে। এ সময় দুই ছাত্র আহত হন। এর মধ্যে তরিকুল ইসলাম নামে একজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপক্ষের অবস্থানের কারণে মহাসড়কের উভয় পাশে ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। বিকেল ৫টায় পুলিশের হস্তক্ষেপে দুই পক্ষ অবস্থান প্রত্যাহার করে। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম শহিদ সাংবাদিকদের বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি নিয়ে তারা দুপক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন। বঙ্গবন্ধু কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) মো. নজরুল ইসলাম হীরা বলেন, বাস শ্রমিকদের সঙ্গে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে। তারা অনেকদিন ধরে কলেজের নিজস্ব বাস সার্ভিস চালুর দাবি জানিয়ে আসছেন। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ বুলবুল ইসলাম জানান, বাস ভাড়া নিয়ে সমস্যা হলেই ছাত্ররা বাস ভাংচুর করে। দোষীদের গ্রেপ্তার করা না হলে মঙ্গলবার থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০১ ঘ.