২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে ছাত্রলীগের বিরুদ্ধে বিএনপির তোরণ ভাঙার অভিযোগ

রাউজানে ছাত্রলীগের কর্মীরা স্থানীয় বিএনপি'র সম্মেলন উপলক্ষে নির্মিত তোরণ এবং সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বাড়ির গেট ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 05:19 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাউজানে ছাত্রলীগের কর্মীরা স্থানীয় বিএনপি'র সম্মেলন উপলক্ষে নির্মিত তোরণ এবং সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বাড়ির গেট ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার বিকালে বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম আহবায়ক সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর গহিরার বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে। তবে এরকম কোন ঘটনা ঘটেনি বলে স্থানীয় পুলিশের বক্তব্য। গিয়াস কাদের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বিকালে কয়েকজন যুবক মোটর সাইকেলে করে এসে ১০ নভেম্বর অনুষ্ঠেয় স্থানীয় বিএনপি'র সম্মেলন উপলক্ষে নির্মিত তোরণ এবং তার বাড়ির গেট ভাঙচুর করে। সম্মেলন পণ্ড করতে স্থানীয় ছাত্রলীগের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেন। গিয়াস কাদের আরও অভিযোগ করেন, ছাত্রলীগের কর্মীরা তার বাড়ির গেট ভাংচুর ও দুই দারোয়ানকেও মারধর করে। রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ এ হামলার অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে রাউজান থানার ওসি নিখিল মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গহিরায় তোরণ ভাঙচুরের কোন ঘটনা ঘটেনি। লোকমুখে ঘটনার কথা শুনে সেখানে টহল পুলিশ দল পাঠানো হলে ভাঙচুরের কোন সত্যতা পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২৩১৭ঘ.