ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিকে নিবন্ধনের বাইরে রাখতে গণপ্রতিনিধিত্ব আদেশে নিবন্ধন বাতিলের বিধান রাখা হয়েছে- দলটির এমন অভিযোগ নাকচ করে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলছেন, বিএনপিকে নিবন্ধনের আওতায় আনার জন্যই এ সংশোধনী।
বুধবার নির্বাচন কমিশনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মঙ্গলবার বিএনপি মহাসচিব দেলোয়ার হোসেন অভিযোগ করেছিলেন- বিএনপিকে নিবন্ধনের বাইরে রাখতে গণপ্রতিনিধিত্ব আদেশে নিবন্ধন বাতিলের বিধান রাখা হয়েছে।
গণপ্র্রতিনিধিত্ব আদেশ (দ্বিতীয় সংশোধনী) আইনে নিবন্ধন বাতিলের বিধান রাখাকে 'উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক' বলে অভিহিত করেন তিনি।
ছহুল হোসাইন বলেন, "বিএনপি'র অভিযোগ সত্যি নয়। তাদের গঠনতন্ত্র জমা দেওয়ার সুবিধার্থে সময় বাড়ানো হয়েছে। নিবন্ধন বাতিল নয়, বরং নিবন্ধনের আওতায় আনতে এ সংশোধনী আনা হয়েছে।"
রাজনৈতিক দলের সংশোধিত চূড়ান্ত গঠনতন্ত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা না দিলে নিবন্ধন বাতিলের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) দ্বিতীয় সংশোধনী বিল সোমবার পাস হয়। এ আইন পাস হওয়ায় রাজনৈতিক দলগুলোর স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার জন্য ছয় মাসের বদলে এক বছর সময় করা হয়েছে। এ অনুযায়ী ২০১০ সালের ২৫ জানুয়ারির মধ্যে কোনো রাজনৈতিক দল তাদের সংশোধিত গঠনতন্ত্র জমা দিতে ব্যর্থ হলে নির্বাচন কমিশন (ইসি) তাদের নিবন্ধন বাতিল করতে পারবে।
বিএনপিসহ ছয়টি দল এখনও তাদের সংশোধিত দলীয় গঠনতন্ত্র ইসিতে জমা দেয় নি।
এক প্রশ্নের জবাবে ছহুল হোসাইন জানান, মার্চে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। এর আগে ভোটার তালিকাও অগ্রাধিকার ভিত্তিতে চূড়ান্ত করা হবে। জুনে মেয়াদ শেষ হতে যাওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের বিষয়েও পরিকল্পনা নেওয়া হচ্ছে।
সিটি করপোরেশনের পর দেশের মেয়াদোত্তীর্ণ পৌরসভা ও ইউনিয়ন পরিষদেও নির্বাচন করা হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/২১০১ঘ.
bdnews24