২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সামরিক কর্মকর্তাদের বাংলাদেশ সফরে সিপিবির উদ্বেগ

উচ্চপদস্থ মার্কিন সামরিক কর্মকর্তাদের বাংলাদেশ সফর এবং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সামরিক প্রস্তুতিতে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2009, 01:23 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চপদস্থ মার্কিন সামরিক কর্মকর্তাদের বাংলাদেশ সফর এবং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সামরিক প্রস্তুতিতে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবি'র সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে তারা বলেন, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক বিষয়ে মার্কিন তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। এ অঞ্চলে সামরিক আধিপত্য বাড়াতে যুক্তরাষ্ট্র একের পর এক তৎপরতা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আফগানিস্তান, ইরাকসহ বিশ্বব্যাপী গণহত্যার হোতা মার্কিন সামরিক বাহিনীর তিন কমান্ডার বাংলাদেশ সফরে আসছেন। বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় আন্তঃকৌশল বিনিময় ও প্রস্তুতি, নিরাপত্তা বাহিনীর সহযোগিতা, সন্ত্রাসবাদ এবং সমুদ্র ও উপকূলীয় হুমকি মোকাবেলার নামে মার্কিন সামরিক কর্মকর্তাদের আগমন ও বঙ্গোপসাগরে মার্কিন রণতরীর যৌথ মহড়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। এতে আরও বলা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিতে মার্কিন রণতরী সপ্তম নৌবহর বঙ্গোপসাগরে এসেছিল। সেই নৌ বহরের বর্তমান কমান্ডার ভাইস এডমিরাল জন এম বার্ডের বাংলাদেশে আগমন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। সিপিবি নেতারা বাংলাদেশসহ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্রের 'চক্রান্তের' বিরুদ্ধে সতর্ক থাকা ও সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/১৯১৯ঘ.