২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তাবিত শিক্ষানীতি বাতিলের দাবি নিজামীর

প্রস্তাবিত শিক্ষানীতি বাতিলের দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী বলেছেন, সেক্যুলার শিক্ষার নামের ধর্মহীন শিক্ষা চাপিয়ে দেওয়ার কোনো এখতিয়ার নেই শিক্ষানীতি প্রণয়ন কমিটির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 11:26 AM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত শিক্ষানীতি বাতিলের দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী বলেছেন, সেক্যুলার শিক্ষার নামের ধর্মহীন শিক্ষা চাপিয়ে দেওয়ার কোনো এখতিয়ার নেই শিক্ষানীতি প্রণয়ন কমিটির। সংবিধানের নির্দেশনা অনুযায়ী শিক্ষানীতি প্রণয়নের দাবির মাধ্যমে তারা দেশবাসীর সঙ্গে প্রতারণা করেছে বলেও দাবি করেন তিনি। সোমবার এক সংবাদ সম্মেলনে নিজামী বলেন, "সেক্যুলার শিক্ষার নামের জনগণের ওপর ধর্মহীন শিক্ষা চাপিয়ে দেওয়ার এখতিয়ার এ শিক্ষা কমিশনের নেই। রাষ্ট্রীয় আদর্শিক দৃষ্টিকোণ থেকে প্রস্তাবিত শিক্ষানীতি অগ্রহণযোগ্য এবং আইনী দিক দিয়ে সংবিধানবিরোধী। "তাই প্রস্তাবিত শিক্ষানীতি বাতিল বা স্থগিত করে জাতীয় আদর্শ ও সংবিধানের ঘোষিত মূলনীতির আলোকে একটি আদর্শ ও গণমুখী শিক্ষনীতি প্রণয়নে সর্বমহলে গ্রহণযোগ্য শিক্ষাবিদদের নিয়ে একটি কমিশন গঠনের সুপারিশ করছি।" এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, "শিক্ষানীতি প্রণয়ন কমিটির প্রধান অধ্যাপক কবীর চৌধুরী শিক্ষাবিদ নন, তাকে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে আমরা জানি।" বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ৮ এপ্রিল জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে শিক্ষানীতি প্রণয়ন কমিটি-২০০৯ ঘোষণা করা হয়। কমিটি ২ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীর কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। এ বিষয়ে জনগণের মতামত জানতে তাদের সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়। প্রধান বিরোধী দল বিএনপিও এ শিক্ষানীতির বিরোধিতা করছে। শিক্ষানীতি নিয়ে সঙ্কট সৃষ্টি না করার আহ্বান জানিয়ে নিজামী বলেন, "সেক্যুলার ভাবধারার শিক্ষানীতি এবং সুকৌশলে ধর্মীয় শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা নির্মূল করার চক্রান্ত সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করে সরকারকে জনগণের দাবি মানতে বাধ্য করা হবে।" তাড়াহুড়া করে শিক্ষানীতি প্রণয়ন করে দ্রুত বাস্তবানের চেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, "বর্তমান শিক্ষা ব্যবস্থায় আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের যেটুকু প্রতিফলন আছে, প্রস্তাবিত শিক্ষানীতিতে কৌশলে তা ছেঁটে ফেলার ব্যবস্থা করা হয়েছে।" রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ের ওই সম্মেলনে জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মকবুল আহমেদ, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলাম, প্রচার সম্পাদক তাসনিম আলম, মহানগর আমীর রফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এসএইচ/১৬১৯ ঘ.