২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাংসদ বাদলের ছত্রচ্ছায়ায় ভূমি দখলের অভিযোগ

নগরীর চান্দগাঁও এলাকায় জনৈক তছকির আহমদের নেতৃত্বে সন্ত্রাস, চাঁদাবাজি ও জোর-জবরদস্তি করে ভূমি দখলের ঘটনা ঘটছে বলে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছে ওই এলাকার লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 11:28 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

চট্টগ্রাম, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চান্দগাঁও এলাকায় জনৈক তছকির আহমদের নেতৃত্বে সন্ত্রাস, চাঁদাবাজি ও জোর-জবরদস্তি করে ভূমি দখলের ঘটনা ঘটছে বলে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছে ওই এলাকার লোকজন। তারা চট্টগ্রাম-৭ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সাংসদ মঈনুদ্দিন খান বাদলের বিরুদ্ধে তছকিরকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ করলেও সাংসদ তা নাকচ করে দিয়েছেন। রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে ওই এলাকার ভুক্তভোগী জনগণের পক্ষ থেকে আহূত এক সংবাদ সম্মেলনে বলা হয়, সাংসদ বাদল নিজ এলাকায় এলে তছকিরের গাড়ি ব্যবহার ও তার সকল কর্মকাণ্ডকে নেপথ্যে থেকে সমর্থন দিয়ে থাকেন। এ কারণে পুলিশ ক্ষমতার অপব্যবহারকারী এই তছকিরের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না। এতে লিখিত বক্তব্যে তকছিরকে স্থানীয় ভূমিদস্যু আখ্যায়িত করে বলা হয়, তার নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় সাধারণ মানুষের জায়গা অন্যায়ভাবে দখল করে নিচ্ছে। কেউ এর প্রতিবাদ করলে তার বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দিয়ে পুলিশী হয়রানি কিংবা সন্ত্রাসী লেলিয়ে দেয়া হচ্ছে। সাংসদ মঈনুদ্দিন খান বাদলের নাম ভাঙিয়ে ওই প্রভাবশালী চক্র মানুষকে ভয়ভীতি দেখিয়ে নিজের স্বার্থ হাসিল করে নিচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এ ব্যাপারে সাংসদ মঈনুদ্দিন খান বাদলের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে আনা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তবে তিনি তছকির আহমদ তার পরিচিত বলে স্বীকার করে নিয়ে বলেন, "তছকিরের বিরুদ্ধে অভিযোগ থাকলে থানায় মামলা করা যেতে পারে। অথবা এলাকার সংসদ সদস্য হিসেবে আমার কাছেও অভিযোগ করা যেতে পারে। অভিযোগ প্রমাণিত হলে তছকিরের বিরুদ্ধে আমি যথাযথ ব্যবস্থা নেবো। তাকে আমার ছত্রছায়ায় রাখার কোন প্রশ্নই আসে না।" একই সঙ্গে সাংসদ বাদল নিজের স্বচ্ছ অতীত ও বর্তমান কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, "দেশ জানে আমি কে? মানুষের জায়গা-জমির দিকে কখনো তাকাইনি।" বোয়ালখালীতে তার পৈতৃক সম্পত্তি ছাড়া আর কোথাও কিছু নেই বলেও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে চান্দগাঁও এলাকার এফআইডিসি সড়কের বাসিন্দা এম কে মঈনুদ্দিন চিশতী বলেন, "প্রভাবশালী চক্রটি দীর্ঘদিন ধরে চান্দগাঁও থানাবর মৌলবী বাজার, গাবতলী, সিএন্ডবি, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লাগোয়া এলাকার নিরীহ জনগণকে মিথ্যা মামলায় জড়িয়ে এবং নানা হুমকি ও হয়রানিতে ফেলে অন্যায়ভাবে জায়গা দখল করে নিচ্ছে।" এ সময় এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন মনসুর আলম, নুরুল আলম, আহম্মদ কবীর, মোহাম্মদ ইদ্রিস প্রমুখ। সংবাদ সম্মেলন থেকে কথিত ভূমিদস্যু তছকির ও তার সহযোগীদের শাস্তি দাবি করে হয়রানি থেকে রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/এসএইচ/১৬২২ ঘ.