২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই প্রথম মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষার ওপরে জোর দেওয়া হয়েছে : মেনন

আগামী এক মাসের মধ্যে প্রস্তাবিত শিক্ষানীতি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 01:20 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী এক মাসের মধ্যে প্রস্তাবিত শিক্ষানীতি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন । মঙ্গলবার স্থায়ী কমিটির সভা শেষে তিনি বলেন, কিছু ইসলামী সংগঠন জুম্মার নামাজের দিনে রাজনৈতিক উদ্দেশে প্রস্তাবিত শিক্ষানীতির বিরোধিতা করে বলেছে, এই নীতি বাস্তবায়িত হলে দেশের ইসলামী শিক্ষা থাকবে না। রাশেদ খান সাংবাদিকদের বলেন, "প্রকৃত পক্ষে প্রস্তাবিত শিক্ষানীতিতে এই প্রথমবারের মত মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষার ওপরে জোর দেওয়া হয়েছে । "যারা বলছেন, এই নীতি বাস্তবায়িত হলে ইসলামী শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা থাকবে না, তারা না জেনেই এই কথা বলছেন।" তিনি বলেন, এই শিক্ষানীতিতে মাদ্রাসা শিক্ষার আরও আধুনিকায়নের প্রস্তাব করা হয়েছে। মেনন বলেন, "আমরা আশা করছি আগামী এক মাসের মধ্যে প্রস্তাবিত শিক্ষানীতি চূড়ান্ত করা সম্ভব হবে।" তিনি জানান, গাইবান্ধায় তাকে কিছু মাদ্রাসা শিক্ষক প্রস্তাবিত শিক্ষানীতি বাতিলের দাবিতে স্মারকলিপি দেয়। "যখন আমি তাদেরকে জিজ্ঞাসা করি, তারা এই শিক্ষানীতি সম্পর্কে কিছু জানেন কি না। তারা উত্তরে বলেন, 'জানি না'।" কিছু ইসলামী সংগঠন মসজিদে মসজিদে, বিশেষ করে জুম্মার নামাজের সময় প্রস্তাবিত শিক্ষানীতির বিরুদ্ধে 'অপপ্রচার' চালাচ্ছে উল্লেখ করে মেনন বলেন, এটি রাজনৈতিক। স্থায়ী কমিটির সভাপতি জানান, সরকার সব ধরনের শিক্ষা ব্যবস্থার জন্য একটি অভিন্ন পাঠ্যক্রম চালুর জন্য শিক্ষানীতি প্রস্তুত করার কাজ হাতে নিয়েছে। মেনন বলেন, প্রয়োজনে শিক্ষানীতির বিরোধিতাকারীদের সঙ্গে সংসদীয় স্থায়ী কমিটি আলোচনা করবে বিষয়টি পরিস্কার করার জন্য। আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে একটি অভিন্ন পাঠ্যক্রম চালুর জন্য শিক্ষানীতি তৈরির কাজ হাতে নেয়। প্রধান বিরোধী দল বিএনপির মিত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী দল ওই শিক্ষানীতির বিরোধিতা করছে। সরকার বলছে, এই শিক্ষানীতি চালু হলে দেশে শিক্ষার মান উন্নত হওয়ার পাশাপাশি মাদ্রাসা শিক্ষারও আধুনিকায়ন হবে। সা