ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ ফজলে নূর তাপসের মামলায় এবার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ফাঁসির আসামি কারাবন্দী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদের দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন মো. নাজমুল হাসান সোহেল (৩৫) ও মাহবুবুল হাসান (৩০)।
মহানগর পুলিশের কর্মকর্তা ওয়ালিদ হোসেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দক্ষিণখান থানাধীন ৮৩৯ গাঁওয়াইর বাসা থেকে মঙ্গলবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।"
মঙ্গলবারই তাদেরকে আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।
ওয়ালিদ বলেন, "সাংসদ ফজলে নূর তাপসের ওপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করা হয়েছে।"
এর আগে বঙ্গবন্ধু মামলায় ফাঁসির আসামি আব্দুর রশিদের মেয়ে খন্দকার মেহনাজ রশিদ, শরিফুল হক ডালিমের ভাই কামরুল হক স্বপন ও সফিউল্লাহ সফু নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় ফাঁসির আসামী সৈয়দ ফারুক রহমান ও আব্দুর রশীদের প্রতিষ্ঠিত ফ্রিডম পার্টির রহিম নামের এক কর্মীকে।
তাপসের মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ নিয়ে ছয়জনকে গ্রেপ্তার করল। এর মধ্যে চারজন বঙ্গবন্ধু হত্যা মামলার আসামির স্বজন।
সুপ্রিম কোর্টে মহিউদ্দিনসহ অন্যান্য কারাবন্দী আসামীদের আপিলের শুনানি চলছে।
মেহনাজের বাবা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রশিদ বিদেশে পলাতক। স্বপনের ভাই ডালিমও বিদেশে পলাতক।
গত সপ্তাহে মতিঝিলে ঢাকা-১২ আসনের সাংসদ তাপসের গাড়িতে বোমা হামলা হয়। তিনি বেঁচে গেলেও আহত হন ১৩ জন।
পরদিন তাপস মতিঝিল থানায় একটি মামলা করেন। তাতে তিনি অভিযোগ করেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামীদের স্বজন ও তাদের সহযোগীরা ওই হামলা চালিয়েছে।
শুক্রবার ওই মামলার তদন্ত ভার গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়।
তাপস বঙ্গবন্ধু পরিবারের সদস্য। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি তার ভাগ্নে শেখ তাপসের বাবা শেখ ফজলুল হক মনি ও তার মা আরজু মনিকেও হত্যা করা হয়।
বঙ্গবন্ধু মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের অন্যতম সহযোগী ব্যারিস্টার তাপস। বর্তমানে সুপ্রিম কোর্টে এ মামলার আপিল শুনানি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/জিএনএ/১৩৩৬ঘ.
bdnews24