২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের আইন-শৃংখলা পরিস্থিতি ভয়াবহ: অলি আহমদ

এলডিপি প্রধান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ দেশের আইন-শৃংখলা পরিস্থিতিকে 'ভয়াবহ' আখ্যায়িত করে মানুষকে নিরাপদে রাখার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি'র তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 02:45 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলডিপি প্রধান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ দেশের আইন-শৃংখলা পরিস্থিতিকে 'ভয়াবহ' আখ্যায়িত করে মানুষকে নিরাপদে রাখার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি'র তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন তিনি। এলডিপি সভাপতি এসময় অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাবেক সেনাপ্রধান মঈন উ আহমেদ এবং জাতীয় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) তার দল ভাঙার প্রচেষ্টা চালিয়েছিল। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশের দুই প্রধান দলের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনার চেষ্টা হয় বলেও অভিযোগ উঠেছিল। অলি আহমদ অভিযোগ করেন, "সেসময় (তত্ত্বাবধায় সরকারের আমলে) দলের নেতাদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। তারা অনেককে নাম সর্বস্ব কয়েকটি দলে ভেড়ানোর সর্বোচ্চ উদ্যোগ নিয়েছিল।" এলডিপি থেকে যারা চলে গেছে তারা ডিজিএফআই'র এজেন্ট বলেও মন্তব্য করেন তিনি। কর্নেল অলি অভিযোগ করেন, "দেশে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।" তিনি বলেন, "দশ মাসের ইতিহাস বলব না। একদিনের পরিসংখ্যান দিলেই আইন শৃংখলা পরিস্থিতির ভয়াবহতার চিত্র বোঝা যাবে।" বিভিন্ন পত্রিকা থেকে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তুলে ধরেন এলডিপি নেতা। সরকারি দলের লোকজনের দ্বারা পুলিশের কর্মকাণ্ডে বাধা দেওয়ার ঘটনা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে বলে অলি দাবি করেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনশক্তি রপ্তানির মতো বিষয়ে নজর দেওয়ার পরামর্শ দেন তিনি। তবে তার দল বর্তমান সরকারের বিরুদ্ধে নয় জানিয়ে অলি আহমেদ বলেন, "অজ্ঞাত কারণে মহাজোট থেকে বাদ পড়লেও এ সরকারের সহায়তায় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। কেননা প্রত্যেক সরকার ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে। আমরা সেটা চাই না।" আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলটির মহাসচিব অধ্যাপক জাহানারা বেগম, প্রেসিডিয়াম সদস্য রেদোয়ান আহমেদ ও সৈয়দ দিদার বখশ, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক কাজী ফেরদৌস হক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২৩০০ ঘ.