২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'খারাপদের' সরে যাওয়ার আহ্বান

যেসব নেতার বিরুদ্ধে জনমনে খারাপ ধারণা আছে তাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন সালাউদ্দীন কাদের চৌধুরী। জাতীয় কাউন্সিলকে সামনে রেখে সোমবার এ বক্তব্য দিলেও তিনি স্পষ্ট করেন নি, তার দল বিএনপির নেতাদের উদ্দেশ্যেই এ বক্তব্য কি না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 12:52 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যেসব নেতার বিরুদ্ধে জনমনে খারাপ ধারণা আছে তাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন সালাউদ্দীন কাদের চৌধুরী। জাতীয় কাউন্সিলকে সামনে রেখে সোমবার এ বক্তব্য দিলেও তিনি স্পষ্ট করেন নি, তার দল বিএনপির নেতাদের উদ্দেশ্যেই এ বক্তব্য কি না। সালাউদ্দীন একই সঙ্গে অতীত থেকে শিক্ষা নিয়ে চলতে পারলে ভবিষ্যত ভাল হবে বলেও মন্তব্য করেন। নবম সংসদ নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর দল পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি। রাজনৈতিক দলের নিবন্ধনের শর্তপূরণে সংশোধিত গঠনতন্ত্র চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে আগামী ৮ ডিসেম্বর জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে তারা। এজন্য গত ২২ অক্টোবর একটি কাউন্সিল প্রস্তুতি কমিটি এবং ১২টি উপ-কমিটি গঠন করা হয়েছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রস্তুতি কমিটির চেয়ারপারসন করা হয়েছে। এ অবস্থায় সোমবার রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় সালাউদ্দীন কাদের চৌধুরী বলেন, "বিএনপির যেসব নেতাদের সম্পর্কে জনমানুষের ধারণা খারাপ, তাদের সরে যাওয়া উচিত। "অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগুতে পারলে সমানে ভালোদিন আছে।" দুপুরে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ইয়ুথ ফোরামের উদ্যোগে ২৮ অক্টোবর লগি-বৈঠার হত্যাকাণ্ডের স্মরণে "ষড়যন্ত্রের রাজনীতি ও দেশপ্রেমিক শক্তির করণীয়' শীর্ষক ওই গোলটেবিল আলোচনা হয়। সভায় সালাউদ্দীন কাদের ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা প্রবাহকে দেশের রাজনীতির টার্নিং পয়েন্ট হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে তিনি ওই দুই দিনের হত্যাকাণ্ডকে 'মর্মান্তিক' হিসেবে মন্তব্য করে ১৫ আগস্টের জন্য আওয়ামী লীগ এবং ২৮ অক্টোবরের জন্য বিএনপিকে দায়ী করেন। ২০০৬ সালের ২৮ অক্টোবর চারদলীয় জোট সরকারের ক্ষমতা ছাড়ার শেষ দিনে রাজধানীর পল্টানে আওয়ামী লীগ ও জামায়াত ইসলামীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে তিনজন নিহত হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি-মতিন) মহাসচিব আবু নাসের মো. রাহমাতুল্লুাহ প্রমুখও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এসএইচ/১৫৪৩ ঘ.