নারায়ণগঞ্জ, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ শহরের জিমখানা মদিনা মার্কেট এলাকায় রোববার রাতে পৌর বিএনপির একাংশের নেতাকর্মীদের উপর হামলা, গুলিবর্ষণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় পৌর বিএনপির চার নেতার নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেছেন দলের বিদ্রোহী কমিটির আহবায়ক নুরল ইসলাম সরদার।
তবে জেলা বিএনপির আহবায়ক তৈমুর আলম খন্দকার শহর কমিটির চার নেতার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটা ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা নাটক।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা ঘটনার সত্যতা পেয়েছেন। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তারা এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
পৌর বিএনপির বিদ্রোহী কমিটির আহবায়ক নুর ইসলাম সরদার অভিযোগ করেন, রোববার রাতে শহরের পাইকপাড়া মিচুয়াল ক্লাবে তার নেতৃত্বাধীন কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন ছিল। সম্মেলন শেষ করে রাত ১০টার দিকে ফেরার পথে শহরের জিমখানা মদিনা মার্কেট এলাকায় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা ও গুলি বর্ষণ করে।
তিনি নারায়ণগঞ্জ থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেছেন, শহর বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম, নগর যুবদল নেতা ও ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ, হাসান আহম্মেদ ও মন্টির নেতৃত্বে এ হামলা চালানো হয়।
এ ব্যাপারে রোববার রাতে পৌর বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যার পর থেকে আমি টানবাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। হামলার তো প্রশ্নই উঠে না।"
শহর যুবদল নেতা ও ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, "আমি কালীরবাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠান গার্মেন্টসে ছিলাম। আমি তো কোথাও বের হয়নি। কখন হামলা চালালাম?"
পরিকল্পিতভাবে মিথ্যা হামলার নাটক সাজিয়ে তাদের আসামি করা হয়েছে বলে তিনি দাবি করেন।
জেলা বিএনপির আহবায়ক তৈমুর আলম খন্দকার বলেন, "পৌরসভার নয়টি ওয়ার্ডের সম্মেলন শেষ হচ্ছে আজ (সোমবার) । তারা আগেই ঘোষণা দিয়েছিল পৌর সম্মেলন হতে দিবে না।
"তারা সরকার দলীয় লোকজনের সঙ্গে আতাঁত করে বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়েছে। পৌর সম্মেলন বন্ধ করার জন্য তারা নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে। মিথ্যা নাটক সাজিয়েছে।"
সারাদেশে বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়ায় নারায়ণগঞ্জ জেলা কমিটি জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক করে পৌর কমিটি ঘোষণা করে। নুরুল ইসলাম ও তার অনুসারীরা এই কমিটি মেনে না নিয়ে পাল্টা কমিটি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৯ ঘ.
bdnews24