নওগাঁ, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল জলিল বলেছেন, তার বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। তিনি আওয়ামী লীগে আছেন, আওয়ামী লীগেই থাকবেন।
তিনি বলেন, "আমি বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল। সেই কারণেই আমাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়েছিল। করা হয়েছিল বাণিজ্যমন্ত্রী। আমি ১৯৫৫ সাল থেকে আওয়ামী লীগ করি। আজীবন আওয়ামী লীগেই থাকবো।"
শনিবার বিকেলে নওগাঁর পুরাতন বাসস্ট্যান্ডে সংলগ্ন জেআর মার্কেট চত্বরে আওয়ামী লীগের এক সভায় দলটির সাবেক সাধারণ সম্পাদক জলিল এই কথা বলেন।
নওগাঁ আওয়ামী লীগ আয়োজিত জলিলের এই সভা হওয়ার কথা ছিল শহরের নওজোয়ান মাঠে। কিন্তু একই স্থানে দলের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ সভা ডাকায় পরিস্থিতির অবনতি ঠেকাতে প্রশাসন সভাস্থলে ১৪৪ ধারা জারি করে।
দুপুর ৩টায় সভা হওয়ার কথা থাকলেও পুলিশ ১৪৪ ধারা জারির কথা জানিয়ে সভাস্থল থেকে সবাইকে হটিয়ে দেয়।
পরে নওজোয়ান মাঠ থেকে প্রায় তিনশ' গজ দূরে পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন জেআর মার্কেট চত্বরে সভা আয়োজন করা।
বিকেল সাড়ে ৪টায় জলিল নওগাঁয় পৌঁছান। সভামঞ্চের পাশে বসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি পৌনে ৫টার দিকে বক্তব্য রাখেন।
প্রায় সাত মিনিট স্থায়ী বক্তব্যে ১৪৪ ধারার জারির ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন জলিল।
তিনি বলেন, "এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। তবে আমি কারও বিরুদ্ধে অভিযোগ করবো না। কারণ আমি তো সরকারের লোক।"
জলিল বলেন, "যতদিন বাঁচবো শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের জন্য রাজনীতি করে যাবো।"
সাংসদ ফজলে নূর তাপসের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, "বঙ্গবন্ধুর খুনিদের উত্তরসুরীরা এই হামলার সঙ্গে জড়িত। বঙ্গবন্ধু হত্যার বিচার ব্যাহত করার জন্যই এই হামলা হয়েছে।"
সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মল কৃষ্ণ সাহা, জেলা ছাত্রলীগ সভাপতি তাজুল ইসলাম তোতা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নাছিম আহমেদ।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী এবং জেলার কোনো সাংসদ সভায় ছিলেন না।
নওজোয়ান মাঠে ১৪৪ ধারা জারির বিষয়ে জানতে চাওয়া হলে নওগাঁর জেলা প্রশাসক আহসান হাবীব তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একই সময়ে একই স্থানে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ সভা আহ্বান করায় পরিস্থিতির অবনতি যেন না ঘটে, সেজন্য নওজোয়ান মাঠ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।"
জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট মোফাজ্জেল হোসেন জানান, লোকমান হোসেন নামের এক ব্যক্তি শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পরিচয় দিয়ে নওজোয়ান মাঠে সভা করার অনুমতি চান। তিনি বিষয়টি জেলা প্রশাসককে জানালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়।
তবে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নাছিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই নামে শহর স্বেচ্ছাসেবক লীগের কোনো নেতাকে আমি চিনি না।"
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মল কৃষ্ণ এ ব্যাপারে কোনো কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।
সা
bdnews24