ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক তদন্তে নাশকতার আলামত মিলেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো সম্ভাবনা ও আলামত মিলেনি জানিয়ে বৃহস্পতিবার বিকেলে শিক্ষামন্ত্রী বলেন, "প্রাথমিক তদন্তে এতটুকু নিশ্চিত করা গেছে যে ঘটনাটি নাশকতামূলক। ঘটনার আলামত হিসেবে গুদামের ভেতরে বিভিন্ন স্থানে কিছু পাউডার পাওয়া গেছে। দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভাতে গিয়ে পানি ছিটানোর সময় পানির প্রবাহের সঙ্গে কিছু সাদা জিনিস বের হতে দেখেছেন। এ ধরনের আলামত সংরক্ষণও করা হয়েছে।"
এর আগে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন দীর্ঘ সময় রুদ্ধদ্বার বৈঠক করেন।
পরে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।
নাশকতার ধারণা কোত্থেকে আসছে এবং এজন্য কাকে সন্দেহ করা হচ্ছে- জানতে চাওয়া হলে নুরুল নাহিদ বলেন, "গুদামের তিনটি স্পটে আগুনের সূত্রপাত এবং প্রথম যে নিরাপত্তা প্রহরী আগুন দেখতে পেয়েছেন, তার বক্তব্য থেকেই পরিস্কার হয়েছে ঘটনাটি নাশকতামূলক।
"অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়নি, এ ধরনের কোনো আলামতও পাওয়া যায়নি। গুদামের ভ্যান্টিলেটরের কাছে সাদা পাউডারের আলামত পাওয়া গেছে। যা বাইরে থেকে ছিটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।"
আগুন লাগার পরই এটিকে নাশকতা বলে চিহ্নিত করা এবং এ ব্যাপারে উচ্চ পর্যায় থেকে মতামত ব্যক্ত করার পর তদন্ত কমিটি প্রভাবিত হয়েছে কিনা- এই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, "আগে থেকে কোনরকম ডিক্টেশন দেওয়ার ঘটনা ঘটেনি। তদন্ত কমিটিকে কোনোভাবে প্রভাবিত করা হয়নি। ঘটনার পরপরই এ ধরনের কোনো কথা বলিনি। পত্র-পত্রিকায় এ ধরনের কিছু সংবাদ প্রকাশের পর নাশকতার আশংকা সন্দেহ করা হয়েছে।"
নাহিদ জানান, তদন্ত কমিটি ১৫ দিনের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন দেবে। চূড়ান্ত রির্পোট পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
অগ্নিকান্ডের ঘটনায় বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি ব্যাহত হওয়ার আশঙ্কা প্রসঙ্গে মন্ত্রী বলেন, "এ ক্ষতি মোকাবেলা করে সরকার নির্দিষ্ট সময়ের মধ্যেই শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করবে। নির্দিষ্ট সময়েই প্রাথমিক, এবতেদায়ী ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে।"
এদিকে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক তদন্ত প্রতিবেদন পাওয়ার পর উচ্চ পর্যায়ের এক বৈঠকে দুটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
এরমধ্যে নির্দিষ্ট সময়ে পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান করে 'জাতীয় মনিটরিং কমিটি' এবং গুদামের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ভবিষ্যৎ নির্ধারণে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় মনিটরিং কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- প্রাথমিক ও গণশিক্ষ মন্ত্রী আফসারুল আমিন, প্রতিমন্ত্রী মো. মোতাহার, মন্ত্রণালয় দুটির দুই সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, এনসিটিবি'র চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা।
শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (মাধ্যমিক) এ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত ১৮ অক্টোবর তেজগাঁওয়ে এনসিটিবি'র গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনা তদন্তে গঠিত উচ্চ-পর্যায়ের কমিটি বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে তাদের প্রাথমিক প্রতিবেদন জমা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এইচএ/২১০০ ঘ.
bdnews24