২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা নির্ভুলের পরই বৃহত্তর চট্টগ্রামে স্থানীয় নির্বাচন: সাখাওয়াত

ভোটার তালিকা নির্ভুল করেই বৃহত্তর চট্টগ্রাম এলাকায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা তালিকাভুক্ত হওয়ায় হালনাগাদে ভোটার সংখ্যা কক্সবাজারে স্বাভাবিকের চেয়ে বেশি বেড়েছে বলে স্বীকার করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2009, 08:53 AM

Updated : 26 Aug 2022, 12:14 PM

চট্টগ্রাম, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটার তালিকা নির্ভুল করেই বৃহত্তর চট্টগ্রাম এলাকায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা তালিকাভুক্ত হওয়ায় হালনাগাদে ভোটার সংখ্যা কক্সবাজারে স্বাভাবিকের চেয়ে বেশি বেড়েছে বলে স্বীকার করেন তিনি। মঙ্গলবার চট্টগ্রামে 'নির্বাচন ব্যবস্থার উন্নয়ন' শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান বক্তব্য রাখেন সাখাওয়াত। অনুষ্ঠানের পর মেয়াদোত্তীর্ণ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, "ভোটার তালিকা সন্দেহাতীতভাবে নির্ভুল না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় কোনও প্রকার স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না।" আইন অনুযায়ী আগামী জুনের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন করার বাধ্যবাধকতার কথা জানিয়ে তিনি বলেন, "আগামী জুনের মধ্যে চসিক নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে তৈরি হওয়া হালনাগাদ ভোটার তালিকা যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করা সম্ভব।" ভোটার তালিকা চূড়ান্ত করে নির্ধারিত সময়ে নির্বাচন করা যাবে বলে আশা প্রকাশ করেন সাখাওয়াত। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা ইতোপূর্বে জানিয়েছেন, আগামী জানুয়ারির শেষ অথবা ফেব্র"য়ারির শুরুর দিকে মেয়াদোত্তীর্ণ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হবে। তালিকা হালনাগাদে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ডে ২২ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ভোটার বেড়েছে বলে কর্মশালায় জানান সাখাওয়াত। তিনি বলেন, শহর ও গ্রামে দুই স্থানে তালিকায় নাম তোলার ফলে ভোটার সংখ্যা বাড়ছে। কমিশনের হিসেবে, কক্সবাজারের সীমান্তবর্তী কয়েকটি উপজেলায় ভোটার বেড়েছে ১০ শতাংশ। এর মধ্যে ৩০ শতাংশ রোহিঙ্গা রয়েছে বলে মনে করছেন নির্বাচন কমিশনার। সাখাওয়াত বলেন, "মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা কিছু কর্মকর্তার গাফিলতির কারণে রোহিঙ্গাসহ অন্যরা ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারছেন। অনেকেই রাজনৈতিক চাপে প্রভাবিত হয়ে এ কাজ করে থাকেন।" এ ক্ষেত্রে কমিশন কর্মকর্তাদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। সাখাওয়াত বলেন, গত কয়েক বছরে নির্বাচন কমিশনে গুণগত পরিবর্তন এসেছে। নির্বাচন ব্যবস্থাপনায় আগে অনেক ত্র"টি থাকলেও এখন তা অনেকটা কাটানো গেছে। এলজিইডি মিলনায়তনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এমএনএ ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার এজাহারুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪৩০ ঘ.