অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চার দিনের প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করেছে।
সংগঠনটি সোমবার দুুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচী ঘোষণা করে।
কর্মসূচীর মধ্যে রয়েছে, মঙ্গলবার বিকাল তিনটায় ঢাকা আইনজীবী সমিতি প্রাঙ্গণে ও বুধবার বিভিন্ন জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে প্রতিবাদ সভা ও মিছিল।
এছাড়া আগামী বৃহস্পতিবার বিকাল তিনটায় সুপ্রিমকোর্টের পূর্ব গেটে মানববন্ধন এবং আগামী শনিবার সকাল নয়টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে দেশের বিভিন্ন আইনজীবী সমিতি ও ফোরাম নেতাদের নিয়ে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছে।
ওই সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন।
আদালতে 'নগ্ন হস্তক্ষেপ', রিমান্ডে নিয়ে নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় ও আইন শৃংখলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই কর্মসূচী দেয় সংগঠনটি।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা ফোরামের পক্ষে এই কর্মসূচীর ঘোষণা দেন। এর আগে লিখিত বক্তব্য পাঠ করেন সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, ব্যারিস্টার আমিনুল হক, সাবেক স্পীকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, বিএনপি নেতা খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, নিতাই রায় চৌধুরী, খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার জিয়াউর রহমান খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৭৪০ঘ.
bdnews24