২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলা

নারায়ণগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এটিএম কামালের বাড়িতে রোববার রাতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 08:08 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এটিএম কামালের বাড়িতে রোববার রাতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে। এ সময় হামলাকারীরা কামালকে প্রাণনাশের হুমকি দেয় এবং তার বাড়িতে ভাংচুরের চেষ্টা চালায়। পৌর বিএনপি'র পাল্টা কমিটির কথিত আহবায়ক নুরুল ইসলামের লোকজন এ হামলার সঙ্গে জড়িত বলে কামাল অভিযোগ করেন। খবর পেয়ে এলাকাবাসী এসে কামালকে উদ্ধার করে। তাদের ধাওয়ায় সন্ত্রাসীরা পালিয়ে যায়। এটিএম কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১১টার দিকে আমলাপাড় মাছুয়াপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী সোহাগ সরদার ও তার ২০-২৫ জন সহযোগী অস্ত্র নিয়ে তার মিশনপাড়া মোড়ে অবস্থিত বাড়িতে হামলা চালিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় কামাল প্রতিবাদ করলে তার ওপর হামলার চেষ্টা চালানো হয়। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলে জানান। পৌর বিএনপির পাল্টা কমিটি নিয়ে গত কয়েকদিন ধরে স্থানীয় নেতারা বিভক্ত হয়ে পড়েন। নারায়ণগঞ্জ সদর থানার ওসি আকতার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০২০০ ঘ.