ঝালকাঠি, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠি শহর, খুলনার ফুলতলা এবং সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
এর মধ্যে ঝালকাঠিতে একটি ওরস প্রতিরোধের ডাক দেওয়ায়, খুলনায় বিএনপির দুই গ্র"প এক স্থানে সভা ডাকায় এবং সিলেটে একই স্থানে ফুটবল খেলা ও সাংসদের সংবর্ধনা সভা আহ্বান করায় প্রশাসন এ ব্যবস্থা নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝালকাঠি প্রতিনিধি জানান, শহরের বাসন্ডা এলাকায় একটি ওরস অনুষ্ঠান প্রতিপক্ষ একটি দল প্রতিরোধের ডাক দিলে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত শহরের পশ্চিম ঝালকাঠির বাসন্ডা এলাকার এক কিলোমিটারের মধ্যে যেকোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জেলা প্রশাসক মো. ইলিয়াস লস্কর জানান।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, শহরের বাসন্ডা এলাকায় দরবারে গুলশানে কাদেরীয়া গাউসুল আজম খানকা শরীফের অনুসারীরা শুক্রবার (১৬ অক্টোবর) বার্ষিক ওরস এবং ১৭তম সম্মেলন করার প্রস্তুতি নেয়। এই ওরস ও সম্মেলনকে অনৈসলামিক আখ্যায়িত করে 'আদর্শ সমাজ বাস্তবায়ন কমিটি' নামের একটি সংগঠন এটি প্রতিরোধের ডাক দেয়।
এ লক্ষ্যে 'আদর্শ সমাজ বাস্তবায়ন কমিটি' গত বুধবার (১৪ অক্টোবর) থেকে মিছিল, মিটিং, সমাবেশ এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির জরুরি সভায় ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেওয়া হয়।
পুলিশ কর্মকর্তা বলেন, শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।
এ ব্যাপারে খানকা শরীফের ভক্ত আফজাল হোসেন রানা জানান, তারা গত ১৭ বছর ধরে ওরস ও সম্মেলন করে আসছেন। ২০০৩ সাল থেকে তাদের পক্ষে হাইকোর্টের নির্দেশনাও রয়েছে। এ ব্যাপারে তারা আগামী ১৮ অক্টোবর জেলা জজ আদালতে যাবেন বলে জানান। আদালতের অনুমতি পেলে কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হবে।
খুলনা প্রতিনিধি জানান, খুলনার ফুলতলা উপজেলায় বিএনপির দুই গ্র"পের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় সমাবেশ স্থল ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে দু'পক্ষ এ সমাবেশ ডাকে।
জেলা প্রশাসক এন এম জিয়াউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই গ্র"প সমাবেশ ডাকায় পরিস্থিতির অবনতির আশঙ্কায় শুক্রবার দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ফুলতলা বাসস্ট্যান্ডে ১৪৪ ধারা জারি করা হয়। এ সময় ওই এলাকায় সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে।
ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হোসেন জানান, জেলা প্রশাসকের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে নির্মাণাধীন দুই গ্র"পের মঞ্চ সরিয়ে দেয়। সমাবেশস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক আকবর হোসেন বলেন, ফুলতলা বাসস্ট্যান্ডে ১৪৪ ধারা জারির কথা জানিয়ে ইউএনও ওই এলাকায় পুলিশ মোতায়েন করতে বলেন। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
সভা আহ্বানকারী একটি গ্র"পে রয়েছেন জেলা বিএনপি আহ্বায়ক শাজেদুল ইসলামের সমর্থক ফুলতলা উপজেলা বিএনপি সভাপতি কওছার আলী জমাদ্দার এবং অপর গ্র"পে আছেন জেলা যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম মনার সমর্থক ফুলতলা উপজেলা চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠু।
সিলেট প্রতিনিধি জানান, সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগর এলাকায় একই স্থানে ফুটবল খেলা এবং সাংসদের সংবর্ধনা সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় রাধানগর ডা. ইদ্রিছ আলী হাই স্কুল মাঠে ১৪৪ ধারা জারি থাকবে।
গোয়াইনঘাট থানার ওসি মইন উদ্দিন চৌধুরী জানান, ডা. ইদ্রিছ আলী হাই স্কুল মাঠে একই সময়ে বিএনপি সমর্থিত একটি পক্ষ আয়োজন করা হয়েছে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং আওয়ামী লীগ আয়োজন করেছে স্থানীয় সাংসদের সংবর্ধনা সভা। উভয় পক্ষ শুক্রবার এলাকায় মাইকিং করে তাদের অনুষ্ঠানের প্রচারণা চালায়।
গোয়াইনঘাট থানার ওসি মইন উদ্দিন চৌধুরী জানান, স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাধানগরে ১৪৪ ধারা জারি থাকবে। প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে যাতে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা না ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩০ ঘ.
bdnews24