চট্টগ্রাম, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান 'বিভীষিকাময়' পরিস্থিতি থেকে উত্তরণে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল নোমান।
বৃহস্পতিবার বিকালে নগরীর লালদীঘি চত্বরে মহানগর যুবদল আয়োজিত এক প্রতিবাদ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর রায়ের গ্রেপ্তারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে এ সমাবেশের অয়োজন করা হয়।
নোমান বলেন, সরকার বিএনপির রাজনৈতিক শক্তি ধ্বংসের গভীর চক্রান্তে নেমেছে। তারা তত্ত্বাবধায়ক সরকারের বিতর্কিত কর্মকান্ডের ধারাবাহিকতা বজায় রেখে দেশে নৈরাজ্যের শাসন চালিয়ে যাচ্ছে। তাই মধ্যবর্তী নির্বাচনই বর্তমান 'বিভীষিকাময়' অবস্থা থেকে মুক্তির একমাত্র উপায়।
সাবেক এই মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রীসহ সরকারের অন্যান্য মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হয়েছে। অথচ বিএনপি নেতাদের মামলা প্রত্যাহার না করে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।
সমাবেশে প্রধান বক্তা যুবদলের কেন্দ্রীয় সভাপতি বরকত উল্লাহ বুলু বলেন, সরকারে পায়ের নিচে এখন মাটি নেই। আব্দুল জলিলের বক্তব্যে প্রমাণিত হয়েছে, ওয়ান-ইলেভেনের উদ্যোক্তারা 'কারচুপির মাধ্যমে সাজানো নির্বাচন' করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে।
সরকারে এসে আওয়ামী লীগ দেশে টেন্ডারবাজি, ভূমি দখল, চাঁদাবাজি, হত্যার মধ্যদিয়ে নৈরাজ্যের মহোৎসব করছে বলে তিনি অভিযোগ করেন।
মহানগর যুবদল সভাপতি আবুল হাশেম বক্করের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম -আহবায়ক দস্তগীর চৌধুরী, এ এম নাজিম উদ্দিন, আবু সুফিয়ান ও ওয়ার্ড কাউন্সিলর শামসুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এইচএ/২১৩৮ ঘ.
bdnews24