ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ১৮ অক্টোবর ঢাকায় প্রতিবাদ-সমাবেশের কর্মসূচি নিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।
দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন। সভায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের কর্মসূচি চূড়ান্ত করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, ৭ নভেম্বর সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ।
সভায় সারাদেশে ৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সব ইউনিটকে কর্মসূচি গ্রহণের আহবান জানানো হয়েছে।
যৌথ সভায় অন্যান্যের মধ্যে দলের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস, অধ্যাপক আবদুল মান্নান, প্রচার সম্পাদক ফজলুর রহমান পটল, সাবেক সাংসদ মসিউর রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফজলুল হক মিলন, কেন্দ্রীয় কমিটির সদস্য কবির মুরাদ, রেজাবুদ্দৌলা চৌধুরী, অধ্যাপক মাজিদুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, যুব দলের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০১০ ঘ.
bdnews24