রংপুর, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সাবেক সামরিক একনায়ক হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসনে তিনি পূর্বসূরী জেনারেল জিয়াউর রহমানকে অনুসরণ করেছেন মাত্র।
মহাজোট সরকারের শরিক জাতীয় পার্টি চেয়ারম্যান বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "ক্ষমতায় থাকার সময় জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের চাকরি দেওয়াসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছিলেন। আমি তার ধারাবাহিকতা রক্ষা করেছি মাত্র।"
বিভিন্ন সময় এরশাদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসনের অভিযোগ ওঠে।
বিকেল ৪টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এরশাদ এবং তার স্ত্রী রওশন এরশাদ ঢাকা থেকে রংপুর শহরতলীর বাসভবন পল্লী নিবাসে এসে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে স্বাগত জানায়।
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে জবাব দেন।
এরশাদ বলেন, "আমি নয় বছর ক্ষমতায় ছিলাম আওয়ামী লীগ আমার কাছে একবারের জন্যও বঙ্গবন্ধু হত্যার বিচার দাবি করেনি।"
পাল্টা প্রশ্ন করে এরশাদ বলেন, "আওয়ামী লীগের কোনো নেতা কি বলতে পারবেন তারা আমার কাছে বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়েছেন ?"
তিনি বলেন, "আমি ক্ষমতায় থাকার আগেই দায়মুক্তি (ইনডেমনিটি) বিল পাশ হয়েছিলো। বরং আওয়ামী লীগ ৯৬ সালে ক্ষমতায় আসার পর ইনডেমনিটি আইন বাতিল করার যে উদ্যেগ নিয়েছিলো আমি এবং আমার দল জাতীয় পার্টি তা সমর্থন করেছিলাম।"
এরশাদ দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, "আমরা মহজোটে আছি, থাকবো। কিন্তু জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে হরে। আগামী নির্বাচনে একক ভাবে নির্বাচন করতে চাই আমরা।"
দলকে শক্তিশালী করতে দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
এরশাদ বলেন, "রংপুরে দলের মধ্যে কোন কোন্দল বরদাশত করবো না । শুনলাম মারামারি হয়েছে। কেন নিজেদের মধ্যে এত বিভেদ? আমি জাতীয় পার্টির চেয়ারম্যান তোমাদের অভিভাবক। নিজেদের মধ্যে কোন্দল বিদ্বেষ দুর করতে হবে। কোন সমস্যা থাকলে আমি সকলকে নিয়ে বসে সমাধান করে দেবো।"
তিনি বলেন, "আমি সারা দেশে কাউন্সিল করে নতুন কমিটি গঠন করতে বলেছি। রংপুরেও সম্মেলন হবে। কর্মীরা যাকে নেতা নির্বাচিত করবে তিনিই নেতা হবেন।"
এ সময় জেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তফা, জাপা নেতা ইয়াসির আহাম্মেদসহ বেশ কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৫ ঘ.
bdnews24