চট্টগ্রাম, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রামের জন্য গঠিত ভূমি কমিশনকে 'বিতর্কিত' অভিহিত করে পাহাড়ি-বাঙালির সমান অংশগ্রহণে নতুন কমিশন গঠনের দাবি জানিয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপি'র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল নোমান।
বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন আয়োজিত এক সেমিনারে তিনি এ দাবি জানান।
নোমান বলেন, "পার্বত্য চট্টগ্রামের জন্য গঠিত বর্তমান সরকারের ভূমি কমিশন বিতর্কিত হয়ে পড়েছে। এ কমিশন গঠন করে ওই অঞ্চলে বসবাসরত বাঙালিদের সম অধিকার নিশ্চিত করা হয়নি।"
তিন পার্বত্য জেলায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পাহাড়ি-বাঙালির সমপ্রতিনিধিত্বের ভিত্তিতে নতুন ভূমি কমিশন গঠন করতে হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
এছাড়া পার্বত্য শান্তিচুক্তির মাধ্যমে ওই অঞ্চলের নাগরিকদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব লঙ্ঘিত হয়েছে কিনা- তা খতিয়ে দেখারও দাবি জানান নোমান।
সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, পিআইবি'র সাবেক মহাপরিচালক ড. রেজোয়ান সিদ্দিকী, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনির্ভাসিটির উপাচার্য অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, মানারাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুর রব প্রমুখ।
সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বলেন, "পার্বত্য শান্তি চুক্তির নামে পুরো পার্বত্য অঞ্চলে অশান্তির অগ্নিশিখা ছড়িয়ে দেওয়া হয়েছে। ফলে সেখানে বসবাসরত পাহাড়ি-বাঙালির মধ্যে অবিশ্বাস, অনাস্থা ও বিরোধ বেড়েছে।"
বর্তমান ভূমি কমিশনকে কাজ শুরুর আগে পার্বত্য অঞ্চলের ভূমি বিশেষ প্রক্রিয়ায় জরিপের দাবি জানিয়ে তিনি বলেন, "সেখানে কতটুকু বাঙালিরা আর কতটুকু অন্যরা পাবে তা এ জরিপে বিবেচনায় রাখতে হবে।"
এছাড়া রাঙামাাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের পৌর মেয়র ও কাউন্সিলর, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার, হেডম্যানরা সেমিনারে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এফআই/এএল/এইচএ/১৯২৬ ঘ.
bdnews24