ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, নির্বাচনে মহাজোটের বিজয়ের পরও শরিক দল হিসেবে প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি না ঘটলেও তিনি হতাশ নন।
'স্থিতিশীলতা' ফিরে এলে জাতীয় পার্টির মূল্যায়ন হবে বলে তিনি আশা করছেন বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বুধবার দলের সভাপতিমণ্ডলীর সভায় জাপা চেয়ারম্যান বলেন, "আমরা মহাজোটে আছি। নির্বাচনে বিশাল বিজয়ে আমাদের ন্যায্য প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি ঘটেনি, তাই বলে আমরা হতাশ নই।"
বর্তমান সরকারকে অতীতের অনেক ব্যর্থতা মোকাবিলা করতে হচ্ছে জানিয়ে এরশাদ আরো বলেন, "আশা করি স্থিতিশীলতা ফিরে এলে মহাজোটে জাতীয় পার্টিরও মূল্যায়ন হবে।"
গত ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল জাতীয় পার্টি ২৭টি আসন পায়। ওই নির্বাচনে মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। এরপর এরশাদের ছোট ভাই ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী করা হয়।
এরশাদের বনানীর কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সভায় জাপা চেয়ারম্যান এরশাদ দলকে শক্তিশালী করার আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/জিএনএ/১৮৫০ ঘ.
bdnews24