পাবনা, ১০ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় ইউনিয়ন বিএনপির সম্মেলনের মঞ্চ ভেঙে দেওয়াকে কেন্দ্র করে দু'দলের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়েনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
মঞ্চ ভাঙচুরের ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন বিএনপির স্থানীয় নেতারা।
আহতদের মধ্যে বিএনপি কর্মী নিজাম মোল্লা, খোয়াজ শেখ ও খিদির আলীকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, নাজিরগঞ্জ ইউনিয়নে বিএনপির সম্মেলনের জন্য স্থানীয় নওয়াগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মঞ্চ তৈরি করা হয়। বিকেল ৩টার দিকে ১৫/২০ জন দুর্বৃত্ত হামলা চালিয়ে ওই মঞ্চ ভেঙে দিলে দু'দলের মধ্যে সংঘর্ষ বাধে।
কারা মঞ্চ ভাঙচুর করেছে তা তিনি জানাতে পারেননি।
ওসি জানান, এ ঘটনায় মামলা হয়নি। কোনো গ্রেপ্তারও নেই।
সুজানগর উপজেলা বিএনপি আহবায়ক হাজারী জাকির হোসেন চুন্নু এ ঘটনার জন্য আওয়ামী লীগ কর্মীদের দায়ী করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরে ঘটনাস্থলের পাশে দলের সম্মেলন করা হয়।"
মঞ্চ ভাঙার অভিযোগ অস্বীকার করে সুজানগর উপজেলা আ. লীগের সভাপতি আবুল কাসেম মাস্টার বলেন, "বিএনপির অন্তর্দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে। এর সঙ্গে আ. লীগ জড়িত নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১২ ঘ.
bdnews24