ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবিত দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাদের সন্তানদের নিরাপত্তা বিধানে পেশ করা একটি বিল সংসদীয় স্থায়ী কমিটি মাত্র ১০ মিনিটের মধ্যে অনুমোদন করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গত ৫ অক্টোবর বিতর্কিত এ বিলটি সংসদে উত্থাপন করেন।
'জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন-২০০৯' শীর্ষক ওই বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের আলোচনার বিষয়বস্তু ছিলো 'জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা বিল-২০০৯'। কমিটির সভাপতি আব্দুস সালাম বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে নিরাপত্তার দায়িত্বে থাকা একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেল সাড়ে চারটার দিকে বৈঠক শুরু হয়ে তা সর্বোচ্চ ১০ মিনিট স্থায়ী হয়।"
ওই কর্মকর্তা বলেন, "তারা শুধু চা খেয়ে চলে যান।"
একইদিন জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 'জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন-২০০৯' 'বিস্তারিত' আলোচনার পর সর্বসম্মতিক্রমে বিলটির ওপর সুপারিশ চূড়ান্ত করা হয়েছে।
কমিটির সভাপতি বা কোন সদস্য বৈঠক শেষে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে কোন কথা বলেননি।
বৈঠকে অন্যদের মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মুজিবুল হক, নূরুল ইসলাম সুজন, সানজিদা খানম, হাবীবর রহমান এবং শফিকুল ইসলাম বৈঠকে অংশ নেন।
প্রধান বিরোধী দল বিএনপি আলোচিত এ বিলটিকে 'নজিরবিহীন' বলে অভিহিত করেছে।
প্রস্তাবিত বিলের বিধান অনুসারে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা দিতে সরকার নির্ধারিত শর্তে ওই পরিবারের প্রত্যেক সদস্যের জন্য নিরাপদ ও সুরক্ষিত আবাসনের ব্যবস্থা গ্রহন এবং প্রয়োজনীয় অন্যান্য সুবিধা দেবে।
প্রস্তাবে আরও বলা হয়েছে, "বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) অধ্যাদেশ-১৯৮৬ এর অধীন ভিআইপি'র জন্য যে নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রয়েছে, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের আজীবন সেরূপ নিরাপত্তা সর্বত্র প্রদান করবে।"
শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের পরিবারের সদস্যরা হুমকির মুখে বিবেচনা করে সরকার তাদের বিশেষ নিরাপত্তা সুবিধা দিতে যাচ্ছে।
বঙ্গবন্ধু ও তার পরিবারের বেশিরভাগ সদস্যকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংসভাবে হত্যা করা হয়।
আওয়ামী লীগ ২০০১ সালে ক্ষমতা ছেড়ে দেওয়ার আগে ওই বছরের ২০ জুন সংসদে জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন-২০০১ পাশ হয়। পরে বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় এসে ওই বছরেরই ২ ডিসেম্বর সংসদে ওই আইনটি বাতিল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এইচএ/২১৪৩ঘ.
bdnews24