২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব রাজাকারের তালিকা করে বিচার করা হবে: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সুরাহার পর রাজাকারদের তালিকা প্রকাশ করে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 01:53 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সুরাহার পর রাজাকারদের তালিকা প্রকাশ করে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম। রোববার সংসদে মহিলা সাংসদ তারানা হালিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সরকার রাজাকারদের কোনও তালিকা এই মুহূর্তে করছে না। চিহ্নিত এবং দেশের পরিচিত যুদ্ধাপরাধীদের বিষয়টি আগে সুরাহা করতে চায় সরকার। তারপর অন্যদের তালিকা প্রকাশ করে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।" ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দখলদার পাকিস্তানী বাহিনীকে সহায়তার জন্য তাদের স্থানীয় সমর্থকদের নিয়ে যে কয়েকটি বাহিনী গঠন করা হয়েছিল রাজাকার তার অন্যতম। নেত্রকোনা-১ আসনে সরকার দলীয় সাংসদ মোস্তাক আহমেদ রুহীর এক প্রশ্নের জবাবেও প্রতিমন্ত্রী তাজুল জানান, সব রাজাকারকে বিচারের আওতায় আনার বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী বছরের মধ্যে স্বাধীনতা স্তম্ভের কাজ শেষ হবে। স্বাধীনতা স্তম্ভে মুক্তিযুদ্ধে মিত্র বাহিনীর কমান্ডার জগজিৎ সিং অরোরার প্রতিকৃতি রাখার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান। সরকার দলীয় ইলিয়াস উদ্দিন মোল্লার এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জি এম কাদের বলেন, "বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে সরকার ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।" তিনি জানান, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে ১৩৪টি সিসিটিভি বসানো হয়েছে। এসব ক্যামেরার ফুটেজ ১৫ দিন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ৩৩টি কাউন্টার বসানো হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএম/কেআরসি/এসএইউএম/এজে/এসকে/১৯৫৪ঘ.