২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনে হচ্ছে এটা মাছের বাজার: স্পিকার

সংসদের প্রথম সারিতে মন্ত্রী ও সরকারি দলের সাংসদের অনুপস্থিতি দেখে ক্ষোভ প্রকাশের পর সাংসদদের পরস্পরের সঙ্গে কথা বলা নিয়েও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্পিকার আব্দুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 12:52 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সংসদের প্রথম সারিতে মন্ত্রী ও সরকারি দলের সাংসদের অনুপস্থিতি দেখে ক্ষোভ প্রকাশের পর সাংসদদের পরস্পরের সঙ্গে কথা বলা নিয়েও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্পিকার আব্দুল হামিদ। রোববার বিকেলে সংসদ অধিবেশন শুরু হলে বাতিল নোটিশ পড়ার সময় সাংসদরা যার যার আসনে একে অপরের সঙ্গে কথা বলতে থাকেন। বিষয়টি স্পিকারের দৃষ্টিতে পড়লে তিনি সাংসদদের উদ্দেশ করে বলেন, "আপনারা একে অপরের সঙ্গে যেভাবে কথা বলছেন, তাতে শব্দের সৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে, এটা একটা মাছের বাজার। আপনারা দয়া করে এভাবে কথা বলবেন না।" এর আগে অধিবেশনের শুরুতে ট্রেজারি বেঞ্চের সামনের সারির ২৯টি আসনের মধ্যে ২৭টিই ফাঁকা থাকায় ক্ষোভ প্রকাশ করেন স্পিকার। ওই সময় প্রথম সারিতে কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহাজোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাসানুল হক ইনু উপস্থিত ছিলেন। স্পিকার সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, "এ জিনিসটা আমার খুব ভালো লাগছে না। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে আছেন। কিন্তু, ফ্রন্ট রো (সামনের সারি) খালি। এটা আমি সহজভাবে নিতে পারছি না।" রোববারের অধিবেশনে দারিদ্র বিমোচন কৌশলপত্র (পিআরএসপি-২) নিয়ে আলোচনার কথা ছিলো। এ বিষয়ে স্পিকার বলেন, "আমি ভেবেছিলাম, আজকে পিআরএসপি নিয়ে আলোচনা হবে। ভেবেছিলাম, অন্যসব কার্যক্রম স্থগিত করে এই বিষয়ে আলোচনা হবে। যারা এ বিষয়ে আলোচনায় উৎসাহ দেখিয়েছিলেন, তারাও অনুপস্থিত।" তিনি বলেন, "যিনি এই বিষয়টি সংসদে উপস্থাপন করবেন, সেই মন্ত্রীও অধিবেশনে নেই। প্রধান হুইপও সংসদে নেই।" স্পিকারের বক্তব্যের পর সংসদ নেতা শেখ হাসিনা বলেন, "অর্থমন্ত্রী মনে হয় একটু সময় চান। আপনি আপনার মতো অধিবেশন চালিয়ে যান। উনার মনে হয়, কিছু সময় দরকার। আমরা আসলে দুপুর আড়াইটা পর্যন্ত মন্ত্রীদের নিয়ে একটা মিটিং করেছি। আপনি দিনের কর্মসূচি শুরু করতে পারেন।" এরপর স্পিকার আবারও প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, "আপনি সংসদে উপস্থিত। কিন্তু, সামনের সারির মন্ত্রী ও সাংসদরা উপস্থিত নেই। এটা আমি সহজভাবে নিতে পারছি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/কেআরসি/পিসি/এসএইচ/১৮৪৯ ঘ.