২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপাসিয়ায় একই স্থানে বিএনপি-ছাত্রলীগের সভা আহ্বান, ১৪৪ ধারা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই স্থানে বিএনপি ও ছাত্রলীগ সভা আহ্বান করায় শনিবার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2009, 11:44 AM

Updated : 26 Aug 2022, 12:10 PM

গাজীপুর, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই স্থানে বিএনপি ও ছাত্রলীগ সভা আহ্বান করায় শনিবার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উপজেলার তরগাঁও হাসপাতাল মোড় এলাকায় দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ মিছিল নিষিদ্ধ করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মিজানুর রহমান। তিনি জানান, একই স্থানে সভা আহবান করা নিয়ে বিএনপি ও ছাত্রলীগের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে প্রশাসন সকাল সাড়ে ১০টায় ১৪৪ ধারা জারি করে। এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান। শনিবার বিকেল ৪টায় কাপাসিয়ার তরগাঁও হাসপাতাল মোড় এলাকায় উপজেলা বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা আহ্বান করে। ওই সভায় প্রধান অতিথি হিসেবে থাকা কথা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপি'র আহ্বায়ক আ স ম হান্নান শাহ। স্থানীয় ছাত্রলীগ একই স্থানে বিকেল ৩ টায় ছাত্রলীগ নেতা মোজাম্মেল হক হত্যার প্রতিবাদে সভা আহ্বান করে। এই সভায় প্রধান অতিথি হিসেবে থাকা কথা উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা। ১৪৪ ধারা জারির কথা স্বীকার করে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী সাইফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি তাদের সভা চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা চেয়ে ৭ অক্টোবর আবেদন করেছিল। পরে তা কাপাসিয়া থানাকে অবগত করা হয়। তবে ছাত্রলীগ প্রতিবাদ সভার ব্যাপারে কোন আবেদন করেনি বলে ইউএনও জানান। ওসি মিজানুর রহমান জানান, একইস্থানে সভা অহ্বান করে ছাত্র লীগের পক্ষ থেকে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে অবগত করা হয়। পরে তিনি বিষয়টি ইউএনওকে জানান। ১৪৪ ধারা জারি ঘটনায় গাজীপুর জেলা বিএনপি প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। জেলা বিএনপির কার্যালয় সমন্বয়ক ডা. মাজহারুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪ ধারা জারি করে বিএনপির গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছে। জেলা বিএনপি আহ্বায়ক হান্নান শাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি লিখিতভাবে প্রশাসনের অনুমতি নিয়ে সাংগঠনিক সভা আহ্বান করেছিল। কিন্তু প্রশাসনের সহায়তায় ওই সভা বানচালের জন্য ছাত্রলীগ একই স্থানে সভা আহ্বান করে শুক্রবার সন্ধ্যা থেকে প্রচারণা চালাচ্ছে।" তিনি জানান, ১৪৪ ধারা জারিকৃত সীমানার বাইরে নির্ধারিত সময়ে বিএনপির সভা হবে। কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজগর রশিদ খান বলেন, "বিএনপি ওই স্থানে সভা ডেকেছে এটা আমার জানা ছিল না। আগে জানলে উভয় দলের সঙ্গে আলোচনা করে ব্যাপারটা সুরাহা করা যেত।" কাপাসিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক মমতাজ উদ্দিন আহমেদ জানান, বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের সাফাইশ্রী এলাকায় অস্থায়ী কার্যালয়ে নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৬ ঘ.