ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাদন ব্যবসা বা সুদের কারবার করে আজকাল অনেকে নোবেল পাচ্ছেন বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) উদ্যোগে এক আলোচনা সভায় তিনি বলেন, "এনজিও মানেই এখন ব্যবসা। এরা জনসেবার চেয়ে অর্থ উপার্জনেই বেশি বেশি উৎসাহী।"
তিনি কারও নাম উল্লেখ না করে বলেন, "দাদন ব্যবসা বা সুদের কারবার করে আজকাল অনেকে নোবেল পাচ্ছেন।"
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগ নেতা ময়েজউদ্দিনের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করা হয়।
ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহবায়ক ময়েজউদ্দিন ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর গাজীপুরের কালীগঞ্জে এরশাদবিরোধী আন্দোলনের সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
বর্তমান এনজিও ব্যবসার বিপরীতে ময়েজউদ্দিনকে এক স্মরণীয় ব্যক্তিত্ব আখ্যায়িত করে তিনি বলেন, "প্রত্যক্ষ রাজনীতিতে জড়িত থাকার পরও নিজ উদ্যোগে তিনি জাতির কল্যাণে স্রোতের বিপরীতে পরিবার পরিকল্পনার মতো কাজে হাত দিয়েছিলেন।"
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, "অথচ তার মতো ব্যক্তিত্ব স্বাধীনতা বা একুশে পদক পর্যন্ত পান নি। এটি জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক।"
স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তার মেয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং এফপিএবি'র সভাপতি সাংসদ মেহের আফরোজ চুমকি বলেন, "এখন এনজিওগুলো আয়বর্ধক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আয়- রোজগারের পথ হিসেবে তারা এগুলোকে বেছে নিয়েছেন।"
"এফপিএবি কখনও আয় রোজগারের চেষ্টা করেনি। আর্থিক দৈন্যতার মাঝেও নিজেরা এখনও পরিবার পরিকল্পনা কার্যক্রম চালিয়ে যেতে চেষ্টা করছে।
সংস্থার সাবেক সভাপতি শওকত আলী তালুকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা ও সংস্থার মহাপরিচালক জহিরউদ্দিন আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএইচ/২০২৮ ঘ.
bdnews24